ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের চতুর্থ দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে দেড়শ’ পয়েন্টেরও বেশি।
বুধবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর থেকে ধাপে ধাপে ডিএসইর সাধারণ সূচক বাড়তে থাকে। দিনশেষে সূচক ৪ হাজার ১৮৩ পয়েন্টে দাঁড়ায়, যা আগের দিনের চেয়ে প্রায় ১৫৬ পয়েন্ট বেশি।
ওই সময় পর্যন্ত হাতবদল হয় ২০৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ২৫৫টির, কমে ৯টির এবং অপরিবর্তিত ছিল ৪টির দাম।
মঙ্গলবার সাধারণ সূচকে যোগ হয়েছিল ৩৪ পয়েন্ট। সেদিন হাতবদল হয় ১২১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ১৮৫টির, কমে ৫১টির এবং অপরিবর্তিত ছিল ২৮টির দাম।
দরপতনের ধারায় সোমবার ডিএসই সূচক ৪ হাজার পয়েন্টের নিচে নেমে গিয়েছিল। সপ্তাহের প্রথম দিন রোববারও ব্যাপক দরপতনে সূচক ১৬৩ পয়েন্ট পড়ে যায়।
দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীরা সপ্তাহের প্রথম দুই তিন ডিএসই ভবনের সামনে বিক্ষোভ করে।
গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ২ দশমিক ৯৩ শতাংশ বা ১২৫ দশমিক ৮৫ পয়েন্ট কমে। এর আগের সপ্তাহে সূচক কমে ৬ দশমিক ১৭ শতাংশ বা ২৮২ পয়েন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫০৪ ঘ.
bdnews24