ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম দিন ব্যাপক দরপতন হয়েছে। সূচক ১৬৩ পয়েন্ট পড়ে যাওয়ার পাশাপাশি কমেছে অধিকাংশ শেয়ারের দাম।
রোববার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর প্রথম আধা ঘণ্টায় সূচক আগের দিনের চেয়ে প্রায় ৪৮ পয়েন্ট কমে যায়। বেলা ১১টা ৩৫ এ সূচক আরো কমে হয় ৪ হাজার ৬৮ পয়েন্ট। এক ঘণ্টার লেনদেন শেষে সূচক দাঁড়ায় ৪ হাজার ৫৮ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ১০৬ পয়েন্ট কম।
ধারাবাহিক পতনের পর বেলা আড়াইটায় লেনদেন শেষ হয় সূচকের ঘরে ৪ হাজার ১ পয়েন্ট নিয়ে, যা আগের দিনের চেয়ে ১৬৩ পয়েন্ট কম।
সারাদিনে হাতবদল হয়েছে মাত্র ১৩৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ১৪টির, কমে ২৪৩টির এবং অপরিবর্তিত থাকে ১টির দাম।
ঢাকা স্টক এক্সচেঞ্জের জ্যেষ্ঠ সহ-সভাপতি আহমেদ রশিদ লালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অর্থনীতিতে তারল্য সঙ্কট রয়েই গেছে, এ জন্যই বাজার পড়ছে। গত দুই দিনে যে সব প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বিনিয়োগ করেছিলেন, তারা আজ বিনিয়োগ করেননি।“
“বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইতোমধ্যে বলেছেন, মুদ্রানীতি সঙ্কোচনমূলক হবে, বাজারকে ভাল করতে হলে সম্ú্রসারণমূলক মুদ্রানীতি প্রয়োজন,” বলেন তিনি।
ফনিক সিকিউরিটিজের ম্যানেজিং ডিরেক্টর এ কাদির চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারল্য সঙ্কট ও বিনিয়োগকারীদের আস্থার অভাবেই বাজার পড়ছে।”
এদিকে দরপতনের প্রতিবাদে ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীরা বেলা ১টার দিকে ডিএসইর সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। বেলা ৩টা পর্যন্ত তাদের এই বিক্ষোভ চলে।
গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ডিএসইর সাধারণ সূচকের ঘরে ৮৭ পয়েন্ট যোগ হয়। হাতবদল হয় প্রায় ১৮৫ কোটি টাকার শেয়ার। সেদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে ২২৮টির, কমে ২৭টির এবং অপরিবর্তিত ছিল ১৫টির দাম।
এর আগে বুধবার সূচক ৮৯ পয়েন্ট বাড়লেও তার আগের তিন দিন টানা দরপতন হয় এ বাজারে। মঙ্গলবার ১৫৬ পয়েন্ট, সোমবার ১২৮ পয়েন্ট এবং রোববার ১৮ পয়েন্ট হারায় ডিএসই সূচক।
এক পর্যায়ে সূচক চার হাজার পয়েন্টের নিচে নেমে যায়। লেনদেন কমে দাঁড়ায় সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে। দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীরা ডিএসই ভবনের সামনে বিক্ষোভও করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/জেকে/এমআই/১৯১৭ ঘ.
bdnews24