২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দরপতনের কারণ তারল্য সংকট’

তারল্য সংকটকেই পুঁজিবাজারে অব্যাহত দরপতনের প্রধান কারণ বলে মনে করছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের জ্যেষ্ঠ সহ-সভাপতি আহমেদ রশিদ লালী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2012, 05:33 AM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ফারহান ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারল্য সংকটকেই পুঁজিবাজারে অব্যাহত দরপতনের প্রধান কারণ বলে মনে করছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের জ্যেষ্ঠ সহ-সভাপতি আহমেদ রশিদ লালী। গত বছরের চেয়ে এ বছর তারল্য সংকট বেশি উল্লেখ করে আহমেদ রশিদ লালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারল্য সংকটই এ পতনের মূল কারণ।” ১০ জুলাই লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক ৩ দশমিক ৭৬ শতাংশ বা প্রায় ১৫৬ পয়েন্ট কমে চার হাজার পয়েন্টের নিচে নেমে যায়। এর আগে চার হাজার পয়েন্টের নিচে সূচক ছিল গত ৮ ফেব্রুয়ারি। সূচক কমার সঙ্গে কমেছে লেনদেনও। ৮ জুলাই ডিএসইতে লেনদেন হয় প্রায় ১১৫ কোটি টাকার শেয়ার যা গত সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন। ডিএসইতে এর আগে এর চেয়ে কম ১০৯ কোটি টাকার লেনদেন হয়েছিল ২০০৮ সালের ১৭ ডিসেম্বর। তারল্য সংকটের কারণে মূল্যস্ফীতি কমেছে ও কল মানি রেট বেড়েছে বলে উল্লেখ করেন পুঁজিবাজার বিশ্লেষক আহমেদ রশীদ লালী। “অর্থনীতিতে টাকার পরিমান কমাতেই মূল্যস্ফীতিও কমেছে। বেশির ভাগ টাকাই এখন সরকারি বন্ড হিসেবে আছে।” গত বছর মে ও জুনে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে (মাসওয়ারি) মূল্যস্ফীতি ছিল যথাক্রমে ১০.২০ এবং ১০.১৭ শতাংশ। এ বছরের মে ও জুন মাসে তা ছিল যথাক্রমে ৯.১৫ এবং ৮.৫৬ শতাংশ । তারল্য সংকটের কারণেই ব্যাংকের কলমানি রেট বেড়েছে বলে জানান লালী। গত বছর মে, জুনে এবং জুলাই মাসের ৩ তারিখ পর্যন্ত কল মানি রেট ছিল যথাক্রমে ৮.৬৪, ১০.৯৩ এবং ৯.৩৭ শতাংশ। এ বছর একই সময়ে তা যথাক্রমে তা ১৫.০৫, ১৪.৯৭ এবং ১৪.১১ শতাংশ । লালী বলেন, “তারল্য সংকট কাটাতে হলে বাংলাদেশ ব্যাংককে সম্প্রসারণমূলক মুদ্রানীতিতে যেতে হবে।” আগামী ১৮ জুলাই বছরের দ্বিতীয়ার্ধের নতুন মুদ্রানীতি ঘোষণা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১১২৬ ঘ.