ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ দিন প্রথম দুই ঘণ্টায় দরপতন হলেও শেষ দুই ঘণ্টার লেনদেনে সূচক বেড়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর থেকেই সূচক কমতে থাকে। বেলা সাড়ে ১২টায় সাধারণ সূচক ১৪৮ পয়েন্ট কমে ৩ হাজার ৮৪০ পয়েন্ট হয়। এর পর সূচক বাড়তে থাকে। লেনদেন শেষে সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ২ দশমিক ২২ শতাংশ বা ৮৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৭ পয়েন্ট হয়েছে।
হাতবদল হয় প্রায় ২০১ কোটি টাকার শেয়ার। লেনদেন হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে ২২৮টির, কমে ২৮টির এবং অপরিবর্তিত ছিল ১০টির দাম।
বেলা ১২টার দিকে দরপতনের প্রতিবাদে ডিএসই ভবনের সামনে বিনিয়োগকারীরা মিছিল বের করতে চাইলে পুলিশ তাদের হটিয়ে দেয়।
মঙ্গলবার লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক ৩ দশমিক ৭৬ শতাংশ বা প্রায় ১৫৬ পয়েন্ট কমে চার হাজার পয়েন্টের নিচে নেমে যায়। দরপতনের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ডিএসই ভবনের সামনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ করে বিনিয়োগকারীরা।
সোমবারও দরপতন হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। ডিএসই সাধারণ সূচক কমে প্রায় ১২৮ পয়েন্ট।
সপ্তাহের প্রথম দিন সাধারণ সূচক কমে প্রায় ১৮ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ১১৫ কোটি টাকার শেয়ার যা গত সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন। ডিএসইতে এর আগে এর চেয়ে কম ১০৯ কোটি টাকার লেনদেন হয়েছিল ২০০৮ সালের ১৭ ডিসেম্বর।
গত সপ্তাহের চার কর্মদিবসে ডিএসই সাধারণ সূচক ৬ দশমিক ১৭ শতাংশ বা ২৮২ পয়েন্ট কমে।
এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচকে যোগ হয় ৬ দশমিক ৩৪ শতাংশ বা ২৭২ পয়েন্ট। তারও আগের সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক ৬ দশমিক ৯৪ শতাংশ বা ৩২০ দশমিক ৫৫ পয়েন্ট কমে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৪৫৩ ঘ.
bdnews24