২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে দরপতন, বিক্ষোভ, অবরোধ

দরপতনের প্রতিবাদে ঢাকার পুঁজিবাজারে আবারো বিক্ষোভ করেছে বিনিয়োগকারীরা। তাদের সড়ক অবরোধের মুখে মতিঝিল এলাকায় কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2012, 04:14 PM

Updated : 24 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দরপতনের প্রতিবাদে ঢাকার পুঁজিবাজারে আবারো বিক্ষোভ করেছে বিনিয়োগকারীরা। তাদের সড়ক অবরোধের মুখে মতিঝিল এলাকায় কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল। সপ্তাহের দ্বিতীয় সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক প্রায় ১২৮ পয়েন্ট হারায়। এই দরপতনের প্রতিবাদে বেলা পৌনে ৩টার দিকে ডিএসইর সামনের সড়ক অবরোধ করে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বিনিয়োগকারীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে তারা ডিএসইর সামনে থেকে মিছিল নিয়ে শাপলা চত্বর প্রদক্ষিণ করে ডিএসইর সামনে ফিরে আসে। এতে বেশ কিছুক্ষণের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বিক্ষুব্ধরা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, এসইসি চেয়ারম্যান এম খায়রুল হোসেন ও ডিএসইর সভাপতি রকিবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। অবশ্য লেনদেনের শুরু থেকেই এদিন পড়তে থাকে সূচক। দিন শেষে তা ৪ হাজার ১৪৫ পয়েন্টে দাঁড়ায়, যা আগের দিনের চেয়ে প্রায় ১২৮ পয়েন্ট কম। ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২০টির, কমেছে ২৪১টির এবং অপরিবর্তিত ছিল ৮টির দাম। হাতবদল হওয়া শেয়ারের মূল্য প্রায় ১৬৪ কোটি টাকা। এর আগে সপ্তাহের প্রথম দিন সাধারণ সূচক কমে প্রায় ১৮ পয়েন্ট। ওইদিন ১১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল, যা গত সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন। এদিকে পুঁজিবাজারে টানা দরপতন ঠেকাতে কয়েকটি প্রস্তাব নিয়ে আলোচনা করতে দুপুরে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতারা গেলেও এসইসি চেয়ারম্যান এম খায়রুল হোসেন তাদের সঙ্গে দেখা করেননি। সংগঠনের সভাপতি মিজানুর রশীদ চৌধুরী জানান, তারা সূচকের সার্কিট ব্রেকার গঠন এবং লেনদেন বন্ধ রাখাসহ বিভিন্ন দাবি দাওয়া জানাতে গিয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/এএল/২২১৩ ঘ.