২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে লেনদেন সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম দিন সাধারণ সূচক কমেছে প্রায় ১৮ পয়েন্ট। লেনদেন হয়েছে প্রায় ১১৫ কোটি টাকার শেয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2012, 05:10 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। গত সপ্তাহের ধারাবাহিকতায় এ সপ্তাহের প্রথম দিনও সূচক কমেছে। রোববার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর প্রথম ৪০ মিনিট সূচক বাড়ে। এর পর থেকে সূচক কমতে থাকে। লেনদেন শেষে সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ১৮ পয়েন্ট কমে ৪ হাজার ২৭২ পয়েন্ট হয়। হাতবদল হয় প্রায় ১১৫ কোটি টাকার শেয়ার। ডিএসইতে এর আগে এর চেয়ে কম ১০৯ কোটি টাকার লেনদেন হয়েছিল ২০০৮ সালের ১৭ ডিসেম্বর। লেনদেন হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে ৮১টি, কমে ১৫২টির এবং অপরিবর্তিত ছিল ৩১টির দাম। গত সপ্তাহের চার কর্মদিবসে ডিএসই সাধারণ সূচক ৬ দশমিক ১৭ শতাংশ বা ২৮২ পয়েন্ট কমে। এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচকে যোগ হয় ৬ দশমিক ৩৪ শতাংশ বা ২৭২ পয়েন্ট। তারও আগের সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক ৬ দশমিক ৯৪ শতাংশ বা ৩২০ দশমিক ৫৫ পয়েন্ট কমে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪৫৪ ঘ.