ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্টক এক্সচেঞ্জের মালিকানা ও ব্যবস্থাপনাকে আলাদা করা লক্ষ্যে ডিমিউচ্যুয়ালাইজেশন নীতিমালার খসড়া অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
এই খসড়া আগামী ১ জুলাই অর্থ মন্ত্রণালয় ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) পাঠানো হবে।
মঙ্গলবার পর্ষদ সভায় নীতিমালাটি অনুমোদনের পর সাংবাদিকদের একথা জানান ডিএসই সভাপতি রকিবুর রহমান।
তিনি বলেন, বিনিয়োগকারী ও সুশীল সমাজের প্রত্যাশা অনুযায়ী পুঁজিবাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে মালিকানা ও ব্যবস্থাপনাকে আলাদা করার জন্য দ্রুত ডিমিউচ্যুয়ালাইজেশন করা হবে।
“এ লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আজকে আমরা অ্যাক্ট অব ডিমিউচুয়ালাইজেশন অনুমোদন দিয়েছি,” বলেন তিনি।
গত বছরে জানুয়ারিতে পুঁজিবাজারে ধসের পর স্টক এক্সচেঞ্জের ডিমিউচ্যুয়ালাইজেশনের বিষয়টি সামনে চলে আসে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও এ নিয়ে বিভিন্ন সময় কথা বলেছেন।
স্টক এক্সচঞ্জের ডিমিউচ্যুয়ালাইজেশনে পুঁজিবাজারের পরিস্থিতির উন্নয়ন হবে বলে গত গত ১১ জুন সংসদে জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, “এ প্রক্রিয়া শেষ হওয়ার পর আমি পুঁজিবাজার নিয়ে মন্তব্য করব।”
অর্থমন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরের আগে মালিকানা ও ব্যবস্থাপনাকে পৃথক করা হবে। ডিসেম্বরের পর পুঁজিবাজারে কিছু মৌলিক পরিবর্তন দেখা যাবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।
তবে ডিমিউচ্যুয়ালাইজেশন হলেই পুঁজিবাজার ভালো হয়ে যাবে- এ ধারণা উড়িয়ে দিয়েছেন ডিএসই সভাপতি রকিবুর।
“একটা ভুল ধারণা থেকে বের হয়ে আসতে হবে। ডিমিউচ্যুয়ালাইজেশন হলেই বাজার ভালো হয়ে যাবে এটা একটা ভুল ধারণা। এ ধরনের ধারণা বিনিয়োগকারীকে দেওয়া ঠিক নয়,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৯৩১ ঘ.
bdnews24