ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের প্রথম দিনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ শেয়ারের দাম কমেছে, সূচক পড়েছে ১১৪ পয়েন্ট।
রোববার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর থেকেই সূচক কমতে থাকে। বেলা সাড়ে ১১টায় সূচক কমে ৪ হাজার ৫৬৩ পয়েন্টে এবং সাড়ে ১২টায় তা আরো কমে ৪ হাজার ৫২৭ পয়েন্ট হয়। দিনের লেনদেন শেষে সূচক দাঁড়ায় ৪ হাজার ৫০৬ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে প্রায় ১১৪ পয়েন্ট কম।
এদিন লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে মাত্র ২২টির, কমেছে ২২৮টির এবং অপরিবর্তিত ছিল ৯টির দাম। সারা দিনে হাতবদল হয়েছে ১৬৮ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ১৮ কোটি টাকা কম।
এদিকে টানা দরপতনের কারণে দুপুরে ডিএসইর সামনে বিক্ষোভ করে বিনিয়োগকারীরা। ‘অনাকাক্সিক্ষত’ মন্তব্যের কারণে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পদত্যাগ দাবি করেন তারা।
গত ১১ জুন সংসদে সম্পূরক বাজেটের ওপর আলোচনায় শেয়ার বাজারকে ‘দুষ্টু বাজার’ বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অর্থমন্ত্রীর এ মন্তব্যের কড়া সমালোচনা করে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।
গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারও সূচক ও দরপতন হয়েছিল ঢাকার শেয়ারবাজারে। দিনশেষে সূচক আগের দিনের চেয়ে প্রায় ৬০ পয়েন্ট কমে ৪ হাজার ৬২০ পয়েন্ট হয়। হাতবদল হয় ১৮৬ কোটি টাকার শেয়ার।
সব মিলিয়ে ডিএসইতে গত সপ্তাহে সাধারণ সূচক ১৪৮ পয়েন্ট কমে যায়।
এর আগের সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক প্রায় ৩৫ দশমিক ০৬ পয়েন্ট বা দশমিক ৭৪ শতাংশ বাড়ে। গড় দৈনিক লেনদেন বেড়ে দাঁড়ায় ২৮১ কোটি টাকায়, যার পরিমাণ তার আগের সপ্তাহে ছিল ১৯৩ কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১৫১০ ঘ.
bdnews24