২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যূনতম শেয়ার ধারণ বাদ পড়লেন ৬ উদ্যোক্তা পরিচালক

ন্যূনতম শেয়ার ধারণে ব্যর্থ হওয়ায় তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স থেকে সরে দাঁড়াতে হয়েছে ছয় উদ্যোক্তা পরিচালককে। রিয়াজুল বাশারের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2012, 01:18 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিয়ন্ত্রণ সংস্থা এসইসির নির্দেশনা মেনে ন্যূনতম শেয়ার ধারণে ব্যর্থ হওয়ায় তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স থেকে সরে দাঁড়াতে হয়েছে কোম্পানিটির ছয় উদ্যোক্তা পরিচালককে। নতুন পরিচালনা পর্ষদ ও উদ্যোক্তা পরিচোলকদের বাদ দেওয়ার বিষয়টি বুধবার বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদন হয়েছে বলে জানিয়েছেন তাকাফুল ইন্স্যুরেন্সের কোম্পানি সচিব আবুল কালাম আজাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা এসইসির নির্দেশনা হুবহু পালন করেছি। ন্যূনতম দুই শতাংশ শেয়ার না থাকায় ছয় উদ্যোক্তা পরিচালককে ২১ মের পরই সরে যেতে হয়েছে। বার্ষিক সাধারণ সভায় তাদের বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে।” গত ২২ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বাধ্যবাধকতা আরোপ করে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ওই কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের কাছে থাকতে হবে। প্রত্যেক পরিচালকের কাছে আলাদাভাবে থাকতে হবে ন্যূনতম ২ শতাংশ শেয়ার। ৩০ শতাংশ শেয়ার ধারণের শর্ত পূরণ করতে না পারলে ওই কোম্পানি রাইট শেয়ার ও রিপিট আইপিওর মাধ্যমে মূলধন বাড়াতে পারবে না এবং শেয়ার হস্তান্তরও করতে পারবে না। পাশাপাশি দুই শতাংশ শেয়ার না থাকলে পরিচালক পদ হারাতে হবে। এসইসির নির্দেশনা পরিপালনের মেয়াদ শেষ হয়েছে গত ২১ মে। আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে করা ৩টি রিটও খারিজ হয়ে গেছে। এর ফলে ২২ মে থেকে পদ হারিয়েছেন অসংখ্য পরিচালক, যদিও বুধবার পর্যন্ত এ সংক্রান্ত কোনো তালিকা প্রকাশ করেনি এসইসি ও স্টক এক্সচেঞ্জগুলো। তাফাকুলের কোম্পানি সচিব আজাদ জানান, বুধবার বার্ষিক সাধারণ সভায় এমদাদুল হক চৌধুরীকে কোম্পানির নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। বিদায়ী চেয়ারম্যান ফজলে আজিমের কাছে শেয়ার ছিল দুই শতাংশের কম। তিনি বলেন, বর্তমানে ন্যূনতম দুই শতাংশ শেয়ার থাকা উদ্যোক্তা পরিচালকের সংখ্যা দাঁড়ালো ১০ জনে। এর সঙ্গে একজন স্বাধীন পরিচালক ও শেয়ারহোল্ডারদের মধ্য থেকে ৬ জন পরিচালকসহ কোম্পানিটিতে মোট পরিচালকের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জন। “আমাদের ২১ জন উদ্যোক্তা পরিচালক থাকলেও ১০ জন ছাড়া বাকি সবার কাছে ২ শতাংশের কম শেয়ার রয়েছে। এই কারণে তাদেরকে পরিচালনা পর্ষদে আনা যায়নি।” এসইসির নির্দেশনা অনুযায়ী, ন্যূনতম শেয়ার ধারণে ব্যর্থ হয়ে কোনো উদ্যোক্তা, পরিচালক পদ হারালে তার জায়গায় সাধারণ শেয়ারধারীদের মধ্য থেকে ৫ শতাংশ বা তার বেশি শেয়ার ধারণকারী পরিচালক মনোনীত হবেন। এ বিষয়ে কোম্পানি সচিব বলেন, “এরকম কেউ আছে কি না, আমরা জানি না। থাকলে পরবর্তী বার্ষিক সাধারণ সভায় বিষয়টি উঠবে।” এদিকে মঙ্গলবার করপোরেট গর্ভনেন্স গাইডলাইনের প্রস্তাবিত সংশোধনী চূড়ান্ত অনুমোদন দিয়েছে এসইসি। এতে বলা হয়েছে, তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদে এক চতুর্থাংশ স্বাধীন পরিচালক থাকতে হবে। এ বিষয়ে জানতে চাওয়া হলে আবুল কালাম আজাদ বলেন, “এ বিষয়টি পত্রিকার মাধ্যমে জেনেছি আমরা। এসইসির নির্দেশনা পেলে তা বাস্তবায়ন করা হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৯১৫ ঘ.