২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসত্য তথ্যের জন্য আইসিবি ক্যাপিটালকে জরিমানা

একটি কোম্পানির প্রসপেক্টাসে অসত্য তথ্য দেওয়ায় ইস্যু ম্যানেজার ও সরকারি প্রতিষ্ঠান আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টকে জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2012, 03:27 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি কোম্পানির প্রসপেক্টাসে অসত্য তথ্য দেওয়ায় ইস্যু ম্যানেজার ও সরকারি প্রতিষ্ঠান আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টকে জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। পাশাপাশি তালিকাভুক্তির আবেদন করা অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড, নিরীক্ষা প্রতিষ্ঠান মেসার্স জোহা জামান কবির রশীদ অ্যান্ড কোং এবং ভ্যালুয়ার কোম্পানি মেসার্স মসিহ মুহিত হক অ্যান্ড কোং-কেও জরিমানা করা হয়েছে। মঙ্গলবার কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) প্রসপেক্টাসের আর্থিক বিবরণীতে অসত্য তথ্য পরিবেশন করেছে। এজন্য অ্যাপোলো ইস্পাত, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও মেসার্স জোহা জামান কবিরকে ১ লাখ টাকা করে এবং মেসার্স মসিহ মুহিতকে ২ লাখ টাকা জরিমানা করেছে এসইসি। মঙ্গলবারে কমিশন সভায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য বিশেষ স্কিম কমিটির প্রণয়ন করা তালিকা ও সুপারিশগুলো বাস্তবায়নের জন্য অনুমোদন করা হয়েছে। কিছু দিকনির্দেশনাসহ ওই সুপারিশ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। কমিশন সভায় অ্যারাগন ডেনিম লিমিটেড নামে একটি কোম্পানির আইপিও অনুমোদন করেছে করেছে এসইসি। এর ফলে কোম্পানিটি ১০ টাকার প্রতিটি শেয়ারে ৩৪ টাকা প্রিমিয়াম নিয়ে পুঁজিবাজার থেকে ১৩২ কোটি টাকা সংগ্রহ করতে যাচ্ছে। এদিকে করপোরেট গর্ভনেন্স গাইডলাইনের প্রস্তাবিত সংশোধনী মঙ্গলবারের কমিশন সভায় চুড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে। সংশোধনীর উল্লেখযোগ দিকগুলোর বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “তালিকাভুক্ত কোম্পানিগুলো গাইডলাইনটি ইতোপূর্বে ‘কমপ্লাই অর এক্সপ্লেইন’ ভিত্তিতে পরিপালন করলেও এখন থেকে তা বাধ্যতামূলকভাবে পরিপালন করতে হবে। এছাড়া তালিকাভুক্ত কোম্পানি পরিচালনা পর্ষদে এক চতুর্থাংশ স্বাধীন পরিচালক থাকতে হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/০৯২৪ ঘ.