রিয়াজুল বাশার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত সময়ে ন্যূনতম শেয়ার ধারণে ব্যর্থ উদ্যোক্তা পরিচালকরা শেয়ার কিনতে ‘সুনির্দিষ্ট’ প্রস্তাব দিলে এসইসির তা বিবেচনা করা উচিৎ বলে মনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি রকিবুর রহমান।
তবে তার মত, ‘ঢালাওভাবে’ সময় বাড়ানোর পরিবর্তে শুধু ‘সুনির্দিষ্ট’ প্রস্তাবের মাধ্যমে ‘স্বল্প’ সময়ের মধ্যে যারা শেয়ার কিনতে চান, তাদের বিষয়টি বিবেচনা করা উচিৎ।
রোববার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রকিবুর রহমান বলেন, “আমরা মনে করি, যেসব উদ্যোক্তা পরিচালক বেঁধে দেওয়া সময়ের মধ্যে ন্যূনতম শেয়ার কিনতে না পেরে পরিচালক পদ হারিয়েছেন, তারা ‘সুনির্দিষ্ট’ প্রস্তাবের মাধ্যমে ‘স্বল্প’ সময়ে ন্যূনতম শেয়ার কেনার আবেদন করলে এসইসির বিবেচনা করা উচিৎ।”
উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) আদেশের মেয়াদ শেষ হওয়ার পর পুঁজিবাজারের ক্রমাগত দরপতনের মধ্যে একথা বললেন ডিএসই সভাপতি।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে গত ২২ নভেম্বর একটি প্রজ্ঞাপন জারি করে এসইসি। এতে বলা হয়, কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ এবং প্রত্যেক পরিচালকের ন্যূনতম ২ শতাংশ শেয়ার থাকতে হবে।
ন্যূনতম শেয়ার ধারণে ব্যর্থ পরিচালকরা পদ হারাবেন এবং ৫ শতাংশ বা তার বেশি শেয়ারধারণকারী কোম্পানির পরবর্তী বার্ষিক সাধারণ সভায় পরিচালক নির্বাচিত হবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এসইসির আদেশ পালনের মেয়াদ গত ২১ মে শেষ হয়েছে। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে করা তিনটি রিট আবেদনও খারিজ হয়ে গেছে।
এর ফলে তালিকাভুক্ত কোম্পানিগুলোর অসংখ্য পরিচালক ন্যূনতম শেয়ার ধারণে ব্যর্থ হয়ে পদ হারিয়েছেন, তবে কতজন পরিচালক পদ হারিয়েছেন তার সুনির্দিষ্ট তালিকা এখনো প্রকাশ করেনি এসইসি ও ডিএসই।
সোমবার তিনটি রিট খারিজ ও ন্যূনতম শেয়ার কেনার মেয়াদ শেষ হওয়ার পরদিন থেকে ডিএসইতে টানা দরপতন শুরু হয়েছে। মঙ্গলবার থেকে রোববার পর্যন্ত চার কার্যদিবসে সাধারণ সূচক কমেছে ৩০৭ দশমিক ৩৩ পয়েন্ট বা ৬ দশমিক ১২ শতাংশ।
তিনটি রিট আবেদন খারিজ হওয়ার পর মঙ্গলবার এনসিসি ব্যাংকের এক পরিচালক শেয়ার কেনার জন্য সময় বাড়ানোর আবেদন জানিয়ে উচ্চ আদালতে আবেদন করেন। আদালত বিষয়টি এসইসিকে সমাধান করতে নির্দেশ দিয়েছে।
রকিবুর রহমান বলেন, “কোনো উদ্যোক্তা পরিচালকের প্রতি আমাদের ব্যক্তিগত ক্ষোভ নেই। আমরা পুঁজিবাজারের স্বার্থেই ন্যূনতম শেয়ার ধারণের পক্ষে। উদ্যোক্তা পরিচালকদের কাছে ন্যূনতম শেয়ার থাকলে কোম্পানির প্রতি তাদের দরদ বাড়বে, এর ফলে কোম্পানির পারফরম্যান্সও বাড়বে। এতে পুঁজিবাজার ও বিনিয়োগকারী উভয়ই লাভবান হবেন।
“আমরা চাই, যারা কোম্পানি প্রতিষ্ঠিত করেছেন, তারা সেখানে থেকে কোম্পানিকে আরো উন্নত করুক। ২ শতাংশ শেয়ার না কেনায় পদ হারানো কেউ আবার যদি শেয়ার কিনে কোম্পানিতে ফিরে আসতে চান, তাহলে তার প্রস্তাব বিবেচনা করা উচিৎ।
“তবে অবশ্যই তাকে সুনির্দিষ্ট ও স্বল্প সময়ের মধ্যে শেয়ার প্রস্তাব দিতে হবে। ন্যূনতম শেয়ার কেনার জন্য ‘ঢালাওভাবে’ সময় দেওয়া উচিৎ হবে না,” বলেন রকিবুর।
পুঁজিবাজারের সাম্প্রতিক দরপতনের কারণ সম্পর্কে ডিএসই সভাপতি বলেন, “প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সক্রিয় না হলে বাজার স্থিতিশীল হবে না। ব্যাংকগুলো মোট আমানতের ১০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করতে পারলেও পুঁজিবাজারে এখন তাদের বিনিয়োগ ২ শতাংশের নিচে। তাদের অংশগ্রহণ বাজারে বাড়াতে হবে।”
পাশাপাশি মার্চেন্ট ব্যাংক, মিউচুয়াল ফান্ড, স্টক ডিলারসহ সব ধরনের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরই বাজারে অংশগ্রহণে জোর দিচ্ছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/২২০০ ঘ.
bdnews24