ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ধারণের সর্বশেষ তথ্য জানতে চেয়ে তালিকাভুক্ত কোম্পানিগুলোর কাছে চিঠি পাঠিয়েয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
বুধবার ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগ জানায়, তালিকাভুক্ত কোম্পানিগুলোর সচিবদের কাছে পাঠানো এই চিঠিতে ২১ মে পর্যন্ত উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ধারণের হিসেব নির্দিষ্ট ছকে ইমেইলে এবং লিখিত ভাবে জমা দিতে বলা হয়েছে। এ তথ্য পাঠাতে হবে ৩১ মের মধ্যে।
কোম্পনিগুলোর সব ধরণের পরিচালকের ব্যাক্তিগতভাবে এবং সম্মিলিতভাবে কত শতাংশ শেয়ার আছে সে সর্ম্পকে বিস্তারিত তথ্য জানাতে বলা হয়েছে।
উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা এসইসির প্রজ্ঞাপনের বিরুদ্ধে রিট আবেদন ২১ মে খারিজ করে দেয় হাই কোর্ট। এর ফলে সোমবারের মধ্যে প্রতিটি কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের শর্ত বহাল থাকে, যার সময়সীমা শেষ হয়েছে ২১ মে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে গত ২২ নভেম্বর ওই প্রজ্ঞাপন জারি করে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এতে বলা হয়, কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ এবং প্রত্যেক পরিচালকের ন্যূনতম ২ শতাংশ শেয়ার থাকতে হবে। তা না থাকলে পরিচালক পদ হারাতে হবে।
ডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৭২৩ ঘ.
bdnews24