২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে সূচক কমল

সপ্তাহের চতুর্থ দিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক প্রায় ৭৭ পয়েন্ট হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2012, 06:09 AM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ দিনের লেনদেনে সাধারণ সূচক কমেছে। প্রতিবাদে বিক্ষোভ করেছে ব্যক্তি শ্রেণীর কিছু বিনিয়োগকারী। বুধবার লেনদেন শুরুর পর পরই সাধারণ সূচক কমতে থাকে। দুপুর সোয়া একটার দিকে সূচক কমে প্রায় ১৫৮ পয়েন্ট। তবে এর পর থেকে সূচক ওপরের দিকে কিছুটা ওঠে। লেনদেন শেষে সাধারণ সূচক প্রায় ৭৭ পয়েন্ট কমে দাঁড়ায় ৪ হাজার ৮২৮ পয়েন্টে। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৪০টির, কমেছে ২০৭টির এবং অপরিবর্তিত ছিল ১৫টির। হাতবদল হয়েছে ২৭৪ কোটি টাকার শেয়ার। দর পতনের প্রতিবাদে দুপুরে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বাংলাদেশ পুজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ শুরু করে একদল বিনিয়োগকারী। ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক বলেন, “ন্যূনতম শেয়ার ধারণ নিয়ে হাই কোর্টের রায়ের পরও তা বাস্তবায়নে কোনো উদ্যোগ নিচ্ছে না সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। দুই পার হয়ে গেল। তারা এ নিয়ে কিছু বলে নি। অথচ বাজার পড়ছে।” মঙ্গলবারও দিনও সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছিল। সেদিন ডিএসই সাধারণ সূচক প্রায় ১১৭ পয়েন্ট কমে। সোমবার পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে এসইসির প্রজ্ঞাপনের বিরুদ্ধে রিট আবেদন খারিজের প্রেক্ষাপটে ডিএসই সাধারণ সূচকে যোগ হয় প্রায় ৫০ পয়েন্ট। উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা এসইসির প্রজ্ঞাপনের বিরুদ্ধে রিট আবেদন হাই কোর্ট খারিজ করে দেওয়ায় প্রতিটি কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের শর্ত বহাল থাকে। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম দিন রোববার লেনদেন শেষে সাধারণ সূচক কমে প্রায় ১৯ পয়েন্ট। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক প্রায় ৮৪ দশমিক ৮৪ পয়েন্ট বা ১ দশমিক ৬৭ শতাংশ কমে। গড় দৈনিক লেনদেন কমে দাঁড়ায় ৩৫৭ কোটি টাকায় যা তার আগের সপ্তাহে ছিল ৩৮৪ কোটি টাকা। গত সপ্তাহের আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক প্রায় ৮৪ দশমিক ৬ পয়েন্ট বা ১ দশমিক ৬৪ শতাংশ কমে। এরও আগের দুই সপ্তাহে সাধারণ সূচক যথাক্রমে ২ পয়েন্ট ও ২০৪ পয়েন্ট কমেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৫৩১ ঘ.