২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার এসইসির আইনের বিরুদ্ধে আবেদন

পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা এসইসির আইনের একটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে কয়েকটি আবেদন এসেছে হাই কোর্টে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2012, 03:31 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা এসইসির আইনের একটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে কয়েকটি আবেদন এসেছে হাই কোর্টে। মঙ্গলবার ওই পাঁচ আবেদন নিয়ে শুনানি হলেও তা গ্রহণ না করে সিদ্ধান্তের জন্য প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকারের বেঞ্চ। উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণে বিষয়ে এসইসির নির্দেশনার বিরুদ্ধে তিনটি রিট আবেদন খারিজের পর দিন হাই কোর্টে এই পাঁচটি আবেদন এল। যে আইনের ধারা অনুযায়ী এসইসি নির্দেশনাটি পাঠিয়েছিল, পাঁচটি আবেদনে সে ধারার বৈধতাই চ্যালেঞ্জ করা হয়েছে। পাঁচ কোম্পানির ২৪ জন পরিচালকের পক্ষে আবেদনগুলো নিয়ে হাই কোর্টে যান ড. কামাল হোসেন, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, আখতার ইমাম ও মাহমুদুল ইসলাম। প্রায় দেড় ঘণ্টা ধরে রিট আবেদনকারীদের আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের বক্তব্য শোনার পর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধান বিচারপতির কাছে পাঠানোর আদেশ দেয় আদালত। পরে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, “সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অধ্যাদেশ, ১৯৬৯-এর একটি ধারার (২সিসি) অধীনে একটি নোটিফিকেশনের বিরুদ্ধে দায়ের করা তিনটি রিটের বিষয়ে গতকালই আদালত একটি রায় দিয়েছে। তাই এ বিষয়ে আবার রিট গ্রহণ করাটা ওই রায়ের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। “এ কারণে আমরা আদালতকে বলেছিলাম, ওই রায় না আসা পর্যন্ত অপেক্ষা করতে অথবা এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়ার জন্য।” পরবর্তী ফল কী হতে পারে জানতে চাইলে মাহবুবে আলম বলেন, “প্রধান বিচারপতি এ বিষয়টি বেঞ্চেও পাঠাতে পারেন। অথবা ওই রায় আসা পর্যন্ত অপেক্ষা করতে পারেন।” এনসিসি ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকের ১০ পরিচালকের পক্ষে দুটি আবেদনের জন্য আদালতে প্রথম বক্তব্য রাখেন কামাল হোসেন। তিনি বলেন, “২সিসি ধারায় এসইসিকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, তা অন্য আইনকে লঙ্ঘন করছে। এর মাধ্যমে গত ২২ মে ন্যূনতম শেয়ার ধারণের যে আদেশ দেওয়া হয়েছে, তা অন্য আইনের সঙ্গে সাংঘর্ষিক।” এ সময় বিচারক বলেন, “এটা তো সেটেলড ইস্যু।” তখন কামাল হোসেন বলেন, “আমরা ২সিসির নোটিফিকেশন নিয়ে কথা বলছি না। আমরা ২সিসি ধারাটাকেই বাতিল চাচ্ছি।” তখন বিচারক প্রশ্ন করেন, “পিটিশনের গ্রাউন্ডে ২সিসি কোথায়। এখানে সবই তো নোটিফিকেশনের বিষয়।” “ভেতরে আছে,” উত্তর দেন কামাল হোসেন। এক পরিচালকের পক্ষে আখতার ইমাম বক্তব্য দেওয়ার সময় বিচারক প্রশ্ন করেন, “২সিসি তো অনেক আগে থেকেই আইনে আছে। আপনারা এখন এটির বাতিল চাচ্ছেন কেন?” তখন আইনজীবী বলেন, “এখন যে অ্যাফেক্টেড, এই কারণে।” এরপর অ্যাটর্নি জেনারেল তার বক্তব্যে বলেন, “গতকাল এসইসির আদেশের বিরুদ্ধে করা তিনটি রিটের বিষয়ে আদেশ হয়েছে। ওই রিটগুলোর শুনানির সময় ২সিসি ধারা, ব্যাংক কোম্পানি আইন এবং কোম্পানি আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। আদালত তার সিদ্ধান্ত ও পর্যক্ষেণ জানিয়েছে।” ২সিসি ধারাকে বৈধ দাবি করে তিনি বলেন, “১৯৯৭ সাল থেকে এসইসি এ ক্ষমতা ব্যবহার করে অনেক আদেশ দিয়েছে। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করার জন্যই এ ধারা সংযোজন করা হয়েছে। তাই এ ধারাটি অবৈধ ঘোষণার সুযোগ নেই।” মাহবুবে আলম বলেন, “কোম্পানির পরিচালকদের সম্পদ হচ্ছে শেয়ার। কিন্তু শেয়ার না থেকেও অনেকেই পোদ্দারি করবেন তা হবে না। গুটিকয় পরিচালকের পদ বাঁচানোর চেয়ে লক্ষ লক্ষ বিনিয়োগকারীকে রক্ষা করা এসইসির দায়িত্ব।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/২১৩০ ঘ.