২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্যোক্তা শেয়ার কেনা ‘সময়ের আবেদনে জবাব নেই কেন’

উদ্যোক্তা ও পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণে বেঁধে দেওয়া সময়সীমা বাড়াতে এনসিসি ব্যাংকের এক পরিচালকের আবেদনে নিয়ন্ত্রণ সংস্থা কেন জবাব দেবে না, তা জানতে চেয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2012, 08:39 AM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উদ্যোক্তা ও পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণে বেঁধে দেওয়া সময়সীমা বাড়াতে এনসিসি ব্যাংকের এক পরিচালকের আবেদনে নিয়ন্ত্রণ সংস্থা কেন জবাব দেবে না, তা জানতে চেয়েছে আদালত। মঙ্গলবার এনসিসি ব্যাংকের পরিচালক নুরুল ইসলামের আবেদনে বিচারপতি ফরিদ আহাম্মদ ও শেখ হাসান আরিফের বেঞ্চ এই রুল জারি করে। উদ্যোক্তা ও পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণে এসইসির প্রজ্ঞাপনের বিরুদ্ধে তিনটি আবেদন খারিজ হয়ে যাওয়ার পরদিন এই রিট আবেদন হয় এবং তাতে রুলও হয়। রিট আবেদনকারী বলছেন, শেয়ার কেনার সময় বাড়ানোর জন্য তিনি গত ১৪ এপ্রিল এসইসির কাছে আবেদন করেন। কিন্তু এসইসি ওই আবেদনে ‘হ্যাঁ’ বা ‘না’ কোনো উত্তরই দেয়নি। ওই আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের বলেন, “আদালত রিট আবেদনটি আমলে নিয়ে পরিচালকের ওই আবেদনটি নিষ্পত্তি কেন করা হবে না, তা চার সপ্তাহের মধ্যে জানাতে বলেছে।” “আবার আদালত আবেদনটি ৩০ জুনের মধ্যে নিষ্পত্তি করতেও এসইসির প্রতি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছে,” বলেন তিনি। রিট আবেদনকারী শেয়ার কেনার সময়সীমা ছয় মাসের পরিবর্তে ছয় বছর অথবা আদালতকে সময় নির্ধারণ করে দিতেও আবেদন করেছেন বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল। নুরুল ইসলামের পক্ষে আদালতে আবেদনটি পরিচালনা করেন সৈয়দা আফসার জাহান। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে গত ২২ নভেম্বর ওই আদেশ জারি করে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এতে বলা হয়, কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ এবং প্রত্যেক পরিচালকের ন্যূনতম ২ শতাংশ শেয়ার থাকতে হবে। আদেশ জারির ছয় মাসের মধ্যে এ শর্ত পূরণ করতে বলা হয়, যে সময়সীমা সোমবারই শেষ হয়েছে। সোমবার উদ্যোক্তা ও পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে এসইসির প্রজ্ঞাপনের বিরুদ্ধে তিনটি রিট আবেদন খারিজ করে হাই কোর্ট। এর ফলে সোমবারের মধ্যে প্রতিটি কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের শর্ত বহাল থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/এমআই/১৮২৫ ঘ.