২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে সূচক লেনদেন দুটোই কমল

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় দিন লেনদেন শেষে সাধারণ সূচক কমেছে প্রায় ১১৭ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2012, 05:43 AM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় দিনের লেনদেন শেষে সূচক ও লেনদেন দুটোই কমেছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর পর প্রথম ঘণ্টায় সূচকে ওঠানামা চললেও পরের তিন ঘণ্টায় সূচক কমে। লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ১১৭ পয়েন্ট কমে ৪ হাজার ৯০৫ পয়েন্ট হয়েছে। হাতবদল হওয়া ২৬৬ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৩টির, কমেছে ২৪০টির এবং অপরিবর্তিত আছে ১৫টির দাম। লেনদেন হয়েছে প্রায় ২৬১ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ২১৫ কোটি টাকা কম। সোমবার পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে এসইসির প্রজ্ঞাপনের বিরুদ্ধে রিট আবেদন খারিজের প্রেক্ষাপটে ডিএসই সাধারণ সূচকে যোগ হয় প্রায় ৫০ পয়েন্ট। উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা এসইসির প্রজ্ঞাপনের বিরুদ্ধে রিট আবেদন হাই কোর্ট খারিজ করে দেওয়ায় প্রতিটি কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের শর্ত বহাল থাকে। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম দিন রোববার লেনদেন শেষে সাধারণ সূচক কমে প্রায় ১৯ পয়েন্ট। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক প্রায় ৮৪ দশমিক ৮৪ পয়েন্ট বা ১ দশমিক ৬৭ শতাংশ কমে। গড় দৈনিক লেনদেন কমে দাঁড়ায় ৩৫৭ কোটি টাকায় যা তার আগের সপ্তাহে ছিল ৩৮৪ কোটি টাকা। গত সপ্তাহের আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক প্রায় ৮৪ দশমিক ৬ পয়েন্ট বা ১ দশমিক ৬৪ শতাংশ কমে। এরও আগের দুই সপ্তাহে সাধারণ সূচক যথাক্রমে ২ পয়েন্ট ও ২০৪ পয়েন্ট কমেছিল। মঙ্গলবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো, লঙ্কাবাংলা ফাইন্যান্স, গ্রামীণফোন, যমুনা অয়েল, লাফার্জ সুরমা সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম, বেক্সিমকো লিমিটেড, আফতাব অটোমোবাইলস, এমআই সিমেন্ট, এনবিএল ও পিএলএফএসএল। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০ টি কোম্পানি হলো, এবিবি ১ম মিউচুয়াল ফান্ড, আইসিবি ৩য় এনআরবি, প্রাইম ১ আইসিবিএ, এনএলআই ১ম মিউচুয়াল ফান্ড, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড ১, বার্জার পেইন্ট, সিভিও পিআরএল, ৮ম আইসিবি, এসিআই জিরো কূপন বন্ড ও ইস্টার্ন কেবলস। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০ টি কোম্পানি হলো, পাইওনিয়ার ইন্সুরেন্স, বেক্সিমকো ফার্মা, এসপি সিরামিকস, বেক্সিমকো সিনথেটিকস, সোনারগাঁও টেক্সটাইল, ফেডারেল ইন্সুরেন্স, দুলামিয়া কটন, ২য় আইসিবি, রিলায়েন্স ইন্সুরেন্স ও আইসিবি ইসলামি ব্যাংক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪০৮ ঘ.