২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়ের পর শেয়ার উপহারের হিড়িক

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসির নির্দেশনা মেনে ন্যূনতম শেয়ার কেনার শেষ দিনে এসে শেয়ার উপহার নেওয়ার হিড়িক পড়ে কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের মধ্যে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2012, 02:26 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসির নির্দেশনা মেনে ন্যূনতম শেয়ার কেনার শেষ দিনে এসে শেয়ার উপহার নেওয়ার হিড়িক পড়ে কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের মধ্যে। ডিএসই ওয়েসবাইটের তথ্যনুযায়ী, সোমবার ৩৩ জন পরিচালক প্রায় ১৮ কোটি ১১ লাখ শেয়ার উপহার নেওয়ার ঘোষণা দিয়েছেন। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে গত ২২ নভেম্বর ওই আদেশ জারি করে এসইসি। এতে বলা হয়, কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ এবং প্রত্যেক পরিচালকের ন্যূনতম ২ শতাংশ শেয়ার থাকতে হবে। আদেশ জারির ছয় মাসের মধ্যে এ শর্ত পূরণ করতে বলা হয়, যে সময় সোমবারই শেষ হয়েছে। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে করা তিনটি আবেদন সোমবার দুপুরে খারিজ হয়ে যাওয়ার পর পরিচালকদের শেয়ার উপহার নেওয়া ও কেনার ঘোষণা বাড়তে থাকে। উপহারের ঘোষণায় সবচেয়ে এগিয়ে আছেন ন্যাশনাল ব্যাংকের (এনবিএল) চেয়ারম্যান জয়নুল হক সিকদারের দুই ছেলে ও তার স্ত্রী। কোম্পানিটির পরিচালক রিক হক সিকদার ও রন হক সিকদার তাদের পিতা জয়নুল হক সিকদারের কাছ থেকে ৫ কোটি ৭ লাখ ৮৯ হাজার ৮০০টি শেয়ার উপহার নেওয়ার ঘোষণা দেন। জয়নুল হকের স্ত্রী এবং এনবিএলের পরিচালক মনোয়ারা সিকদার তার স্বামীর কাছ থেকে ১৮ লাখ ২ হাজার ১০০টি শেয়ার উপহার নেওয়ার ঘোষণা দেন। প্রিমিয়ার ব্যাংকের তিন পরিচালক ২ কোটি ৩০ লাখ ৩৯ হাজার শেয়ার উপহার নেওয়ার ঘোষণা দিয়েছেন। এদের মধ্যে ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক ও চেয়ারম্যান এইচ বিএম ইকবালের কাছ থেকে প্রায় দেড় কোটি শেয়ার উপহার নেবেন তার দুই ছেলে, যারাও ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক হিসেবে রয়েছেন। ইকবালের ছেলে মইন ইকবাল ৭১ লাখ ৫৫ হাজার এবং মোহাম্মদ ইমরান ইকবাল ৭৯ লাখ ৩১ হাজার শেয়ার উপহার নেবেন। প্রিমিয়ার ব্যাংকের আরেক উদ্যোক্তা পরিচালক শাহ মোহাম্মদ নাহিয়ান হারুন তার পিতা ও ভাইয়ের (দুজনই ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক) কাছ থেকে ৭৯ লাখ ৫৩ হাজার শেয়ার উপহার নেওয়ার ঘোষণা দিয়েছেন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের তিন পরিচালক ২ কোটি ২৬ লাখ তিন হাজার শেয়ার উপহার নেওয়ার ঘোষণা দিয়েছেন। এদের মধ্যে আবুল হোসেন সোমবার ঘোষণা দিয়ে এদিনই তার স্ত্রীর কাছ থেকে ১ কোটি ১৬ লাখ ৩ হাজার শেয়ার উপহার নিয়ে নিয়েছেন। পরিচালক শওকত আজিজ একই দিনে ঘোষণা দিয়ে তার মার কাছ থেকে ৬০ লাখ শেয়ার উপহার নেওয়া সম্পন্ন করেছেন। আরেক পরিচালক সুলতানা রাজিয়া বেগম তার ছেলের কাছ থেকে ৬০ লাখ শেয়ার উপহার নেওয়ার ঘোষণা দিয়েছেন। সিটি ব্যাংকের পরিচালক তাবাচ্ছুম কায়সার তার স্বামী ও ব্যাংকটির পরিচালক আজিজ আল কায়সারের কাছ থেকে ১ কোটি ৬ লাখ ৩৮ হাজার ৫০০টি শেয়ার উপহার নেওয়া সম্পন্ন করেছেন। এছাড়া ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংক, ঢাকা ব্যাংক, বিকন ফার্মা, গ্রিন ডেলটা ইন্সুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স, সেন্ট্রাল ইন্সুরেন্স, বিইডিএল, এইচআর টেক্সটাইলের বেশ কয়েকজন পরিচালক শেয়ার উপহার নেওয়া ও উপহার সম্পন্ন করার ঘোষণা দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জিএনএ/২০৩০ ঘ.