ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে এসইসির প্রজ্ঞাপনের বিরুদ্ধে রিট আবেদন খারিজের প্রেক্ষাপটে ঢাকার পুঁজিবাজারে সাধারণ সূচক কিছুটা বেড়েছে। বেড়েছে লেনদেনও।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের সোমবারের লেনদেন শুরুর পর থেকে থেকেই সূচক বাড়তে শুরু করে। এক সময় তা ১৮৪ পয়েন্ট পর্যন্ত বাড়ে। তবে তা পরে অনেক্ষানি কমে যায়। লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৫০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২২ পয়েন্ট হয়েছে।
উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা এসইসির প্রজ্ঞাপনের বিরুদ্ধে রিট আবেদন সোমবার খারিজ করে দেয় হাই কোর্ট। এর ফলে সোমবারের মধ্যে প্রতিটি কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের শর্ত বহাল থাকল।
হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৭৮টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত আছে ১৬টির দাম। লেনদেন হয়েছে প্রায় ৪৭৭ কোটি টাকার শেয়ার যা গত দিনের চেয়ে ১৯৯ কোটি টাকা বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম দিন রোববার লেনদেন শেষে সাধারণ সূচক কমে প্রায় ১৯ পয়েন্ট।
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক প্রায় ৮৪ দশমিক ৮৪ পয়েন্ট বা ১ দশমিক ৬৭ শতাংশ কমে। গড় দৈনিক লেনদেন কমে দাঁড়ায় ৩৫৭ কোটি টাকায় যা তার আগের সপ্তাহে ছিল ৩৮৪ কোটি টাকা।
গত সপ্তাহের আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক প্রায় ৮৪ দশমিক ৬ পয়েন্ট বা ১ দশমিক ৬৪ শতাংশ কমে। এরও আগের দুই সপ্তাহে সাধারণ সূচক যথাক্রমে ২ পয়েন্ট ও ২০৪ পয়েন্ট কমেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫১৯ ঘ.
bdnews24