ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি’র কাজে ‘অসন্তোষ’ প্রকাশ করে উচ্চ আদালত বলেছে, উদ্যোক্তা পরিচালকদের মামলা করার সুযোগ নিয়ন্ত্রকরাই করে দিয়েছে।
উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে এসইসি’র অধ্যাদেশের আলোচিত ধারা- ২ সিসি বলে দেওয়া একটি আদেশের বিরুদ্ধে পরিচালকদের করা আবেদনের ওপর রোববার শুনানি হয়।
দিনভর শুনানির শেষ পর্যায়ে বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি হাসান আরিফের হাই কোর্ট বেঞ্চ এসইসি’র কাজে অসন্তোষ প্রকাশ করে।
সোমবার এই বিষয়ে রায় হবে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে গত ২২ নভেম্বর আদেশ জারি করে এসইসি। এতে বলা হয়, কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ এবং প্রত্যেক পরিচালকের ন্যূনতম ২ শতাংশ শেয়ার থাকতে হবে।
আদেশ জারির ছয় মাসের মধ্যে এ শর্ত পূরণ করতে হবে। তবে স্বাধীন ও মনোনীত পরিচালকরা এর আওতায় পড়বেন না।
এরপর ওই আদেশের বিষয়ে আরেকটি ব্যাখ্যা দেয় এসইসি। তাতে স্বাধীন ও মনোনীত পরিচালকদের আওতায় কারা পড়বেন তা পরিষ্কার করা হয়।
বিচারক বলেন, “এটি খুবই সংবেদনশীল একটি বিষয়। কিন্তু এসইসি ক্যালাসের মতো কাজ করেছে। একটি নোটিফিকেশন দিচ্ছে, আবার আরেকটি দিয়ে পরিষ্কার করছে। পরেরটা না দেখে আগেরটা বোঝার উপায় নেই। একটা নোটিফিকেশন দিয়েই তো পরিষ্কার করা যেত।”
“পরিস্থিতি দেখে মনে হচ্ছে তারাই (এসইসি) পরিচালকদের রিট করার সুযোগ করে দিয়েছে।”
এসইসির উদ্দেশে বিচারকের মন্তব্য, “এখনও যদি ঘুম না ভাঙে তাহলে কখন ভাঙবে?”
এর আগে অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের সময় বিচারক এসইসির আদেশের ভাষার বিষয়ে বলেন, “এভাবে না বলে একটু ঘুরিয়ে বলা যেত।”
সোমবারের শুনানিতে এসইসি, ডিএসই, সিএসই ও বিনিয়োগকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ, ব্যারিস্টার ফজলে নূর তাপস ও ব্যারিস্টার তানিয়া আমীর।
উদ্যোক্তা পরিচালকদের পক্ষে অংশ নেন ব্যারিস্টার রফিক-উল হক ও ড. এম জহির। এসইসি ২সিসি ধারাবলে উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে আদেশ দিতে পারে কী না তার পক্ষে যুক্তি তুলে ধরেন এ দু’আইনজীবী।
এম জহিরের বক্তব্যের এক পর্যায়ে বিচারক বলেন, “ভারতে অনেক আগে থেকে এ ধরণের নিয়ম আছে। সেখানে ন্যূনতম ২০ শতাংশ শেয়ার পরিচালকদের কাছে রাখতে হয়।”
তখন জহির বলেন, “এখানে ৩০ শতাংশের বিষয়ে আপত্তি নেই। ২ শতাংশের বিষয়ে আপত্তি আছে।”
তখন বিচারক বলেন, “৩০ শতাংশের বিষয়ে আপত্তি না থাকলে ২ শতাংশের বিষয়ে আপত্তি কেন?”
শুনানিতে অংশ নিয়ে ব্যারিস্টার রফিক বলেন, “শুধু উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে, কিন্তু কোম্পানির অন্য পরিচালকদের করা হয়নি। এটা এক ধরনের বৈষম্য।”
তিনি বলেন, “ব্যাংক কোম্পানির আইনে আছে, ব্যাংক থেকে কোনো কোম্পানি ঋণ নিলে ব্যাংকের অনুমোদন ছাড়া ওই কোম্পানির পরিচালক পদত্যাগ করতে পারবে না। কিন্তু এসইসির আদেশ অনুযায়ী ন্যূনতম শেয়ার ধারণ করতে না পারলে পরিচালকের পদ শূন্য হয়ে যাবে। এর ফলে দুটি আইন সাংঘর্ষিক হবে।”
এ যুক্তি খণ্ডন করে অ্যাটর্নি জেনারেল বলেন, “এটা সাংঘর্ষিক হওয়ার কোনো কারণ নেই। একটা আইন ব্যাংক ব্যবসার জন্য, আরেকটা পুঁজিবাজারের স্বার্থে।”
পরিচালকদের ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণের বিপক্ষে রফিক-উল হক যুক্তি তুলে ধরার সময় বিচারক বলেন, “ন্যূনতম শেয়ার ধারণের বাধ্যবাধকতা না থাকলে পরিচালকরা যদি হঠাৎ করে তাদের শেয়ার বাজারে ছেড়ে দেয়...।”
এসময় রফিক-উল হক বলেন, “উদ্যোক্তা পরিচালকরা চাইলেই শেয়ার ছাড়তে পারবেন না, আগে থেকেই তাদের ঘোষণা দিতে হবে।”
অ্যাটর্নি জেনারেল বলেন, “কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম শেয়ার না থাকলে কোম্পানির প্রতি তাদের দরদ থাকবে না। তাদের দরদ না থাকলে ক্ষতিগ্রস্ত হবেন শেয়ারহোল্ডাররা। তাই পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণ করতেই হবে।”
ফজলে নূর তাপস বলেন, “পরিচালকরা এমনভাবে শেয়ার বিক্রি করেছেন যে কোনটা পাবলিক শেয়ার আর কোনটা উদ্যোক্তা শেয়ার তা বোঝার উপায় নেই। পরিচালকরা উচ্চ দামে শেয়ার বিক্রি করে সেই টাকা বিদেশে পাচার করেছেন। আর এখন বলছেন শেয়ার কিনতে শত শত কোটি টাকা লাগবে।”
তিনি পুঁজি হারানো বিনিয়োগকারীর আত্মহত্যার কথাও আদালতে তুলে ধরেন।
২০১০ সালে পুঁজিবাজারের ঊর্ধ্বমুখী সূচকের সময় পরিচালকদের শেয়ার বিক্রির কথা তুলে ধরে তানিয়া আমীর বলেন, “একের পর এক মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করে পরিচালকরা ওই সময় শেয়ার বিক্রি করেছেন। আর তাদের বিক্রি যত বেড়েছে দাম বেড়েছে তত।”
রোববার বেলা পৌনে ১১টায় পরিচালকদের করা তিনটি রিট আবেদনের ওপর শুনানি শুরু হয়।
এসইসির আদেশ চ্যালেঞ্জ করে তিনটি আবেদন করেন তিন কোম্পানির ১২ জন উদ্যোক্তা, পরিচালক ও একজন পরিচালক হতে ইচ্ছুক ব্যক্তি। এর আগে বুধবার এনসিসি ব্যাংক ও পপুলার লাইফ ইন্সুরেন্সের পরিচালকদের আইনজীবীরা যুক্তিতর্ক তুলে ধরেছিলেন।
এদিকে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেছেন, “গত ১৪ মে আরেকটি আবেদন করেছেন সোশ্যাল ইসলামি ব্যাংকের তিনজন পরিচালক। আদালত এ আবেদনের ওপর এক সপ্তাহের রুল দিয়েছেন।”
তিনি আরো জানান, এসইসির আদেশের বিরুদ্ধে মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল জলিলসহ চার পরিচালকের পক্ষে সোমবার একটি আবেদন করেছেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। একই দিনে এসইসির ২সিসি ধারা বাতিলের দাবিতে আরেকটি আবেদন করেছেন ড. কামাল হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এফএফএস/এসইউ/২০১৮
bdnews24