২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসইসির প্রজ্ঞাপন নিয়ে রিট আবেদনের রায় সোমবার

উদ্যোক্তা, পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে নিয়ন্ত্রণ সংস্থা এসইসির জারি করা প্রজ্ঞাপনের বিরুদ্ধে পরিচালকদের করা আবেদনের ওপর সোমবার রায় দেবে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2012, 08:59 AM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উদ্যোক্তা, পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে নিয়ন্ত্রণ সংস্থা এসইসির জারি করা প্রজ্ঞাপনের বিরুদ্ধে পরিচালকদের করা আবেদনের ওপর সোমবার রায় দেবে আদালত। রোববার দিনভর শুনানি শেষে বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি হাসান আরিফের হাই কোর্ট বেঞ্চ এ সিদ্ধান্ত জানিয়েছে। রোববার বেলা পৌনে ১১টায় এসইসির প্রজ্ঞাপনের ওপর করা পরিচালকদের করা তিনটি রিট আবেদনের ওপর শুনানি শুরু হয়। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে গত ২২ নভেম্বর এক আদেশ জারি করে এসইসি যাতে বলা হয়, কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ এবং প্রত্যেক পরিচালককে ন্যূনতম ২ শতাংশ শেয়ার থাকতে হবে। ২১ মের মধ্যে এ শর্ত পূরণ করতে হবে। এ আদেশ চ্যালেঞ্জ করে চারটি আবেদন করেন চার কোম্পানির ১৪ জন উদ্যোক্তা, পরিচালক ও একজন পরিচালক হতে ইচ্ছুক ব্যক্তি। এর আগে বুধবার এনসিসি ব্যাংক ও পপুলার লাইফ ইন্সুরেন্সের পরিচালকদের আইনজীবীরা যুক্তিতর্ক তুলে ধরেছিলেন। রোববার সকালে ডেল্টা লাইফ ইন্সুরেন্সের পরিচালকদের আবেদনের বিষয়ে শুনানি হয়। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) পক্ষে আদালতে লড়ছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বিনিয়োগকারীদের সংগঠনের পক্ষে যুক্তি তুলে ধরেন ব্যারিস্টার ফজলে নূর তাপস। এর আগে সকালে পপুলার লাইফ ইন্সুরেন্সের পরিচালক আবুল বাশারের আইনজীবী এম জহির তার বক্তব্য তুলে ধরেন। ডেল্টা লাইফ ইন্সুরেন্সের পরিচালকদের পক্ষের আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকও তার বক্তব্য উপস্থাপন করেন। এনসিসি ব্যাংকের পরিচালক হতে চাওয়া শেখ আব্দুল মোমেন এর পক্ষে শুনানিতে অংশ নিয়েছেন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৬১৬ ঘ.