২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসইসির প্রজ্ঞাপন নিয়ে রিটের শুনানি বুধবার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালকদের ন্যূনতম শেয়ারধারণ সম্পর্কিত এসইসির প্রজ্ঞাপন নিয়ে দায়ের করা এনসিসিবিএলের এক পরিচালকের রিটের শুনানি হবে সেদিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 07:35 AM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালকদের ন্যূনতম শেয়ারধারণ সম্পর্কিত এসইসির প্রজ্ঞাপন নিয়ে দায়ের করা এনসিসিবিএলের এক পরিচালকের রিটের শুনানি হবে বুধবার। সোমবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ শুনানির এই দিন ধার্য করেন। ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের (এনসিসিবিএল) পরিচালক হতে আবেদন করা শেখ আব্দুল মোমিনের আইনজীবী ফিদা এম কামাল তা শুনানির জন্য উপস্থাপন করলে আদালত আগামী বুধবার শুনানির দিন ধার্য করে। তাকে সহায়তা করেন মো. রিয়াজ উদ্দিন। রিয়াজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমাদের মামলাটি কার্যতালিকায় ছিল। সেটি আগামী বুধবার শুনানি হবে। ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ১১ পরিচালকের দায়ের করা রিটে বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিক উল হক তাদের রিটের শুনানিও একইদিন করার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এ বিষয়ে ব্যারিস্টার রফিক-উল হক জানান, আগামী ১৮ মে শুনানির দিন ঠিক থাকলেও সেদিন শুক্রবার। তাই নতুন আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির তারিখ আবার নির্ধারণের আবেদন করা হয়। এসইসির একটি প্রজ্ঞাপনের বিরুদ্ধে বিরুদ্ধে গত ৮ এপ্রিল ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের (এনসিসিবিএল) পরিচালক হতে আবেদন করা শেখ আব্দুল মোমিন রিট আবেদনটি করেন। ওই রিটের শুনানি শেষে আদালত একটি রুল জারি করে চার সপ্তাহের মধ্যে অর্থ সচিব, বাণিজ্য সচিব, এসইসি চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনসিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক, জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মের রেজিস্ট্রার, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে রুলের জবাব দিতে বলে। এর পর গত ৮ মে এসইসির জারি করা প্রজ্ঞাপনের ওপর স্থগিতাদেশ চেয়ে রিট আবেদন করে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের ১১ জন ও ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের দুই জন পরিচালক। এর প্রেক্ষিতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এই প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চায় আদালত। আগের দিন ৭ মে পপুলার লাইফ ইন্সুরেন্সের পরিচালক আবুল বাশারের একটি রিট আবেদনের ওপর শুনানি শেষেও এই বেঞ্চ একই রুল জারি করেছিল। গত ২২ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক আদেশে বলা হয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের কাছে সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ এবং আলাদাভাবে ২ শতাংশ শেয়ার থাকতে হবে। ৬ মাসের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়নের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে, যা শেষ হবে ২১ মে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসএন/এসইউ/১৩৩০ ঘ.