২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসইসির প্রজ্ঞাপন স্থগিত করেনি আদালত

তবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালকদের ন্যূনতম শেয়ারধারণ নিয়ে এসইসির এই প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 10:36 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালকদের ন্যূনতম শেয়ারধারণ নিয়ে নিয়ন্ত্রক সংস্থা এসইসির জারি করা প্রজ্ঞাপনের ওপর স্থগিতাদেশ চাওয়া হলেও তা দেয়নি উচ্চ আদালত। তবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এই প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে আদালত। সোমবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ এই রুল জারি করে। দুই সপ্তাহের মধ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে এর জবাব দিতে হবে। পপুলার লাইফ ইন্সুরেন্সের পরিচালক আবুল বাশারের একটি রিট আবেদনের ওপর শুনানি শেষে এই রুল জারি করা হয় বলে সাংবাদিকদের জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এসইসির নির্দেশনার ওপর স্থগিতাদেশ চেয়ে বৃহস্পতিবার আদালতে এই রিট আবেদন করেন আবুল বাশার। অ্যাটর্নি জেনারেল বলেন, “এসইসির আদেশের ওপর স্থগিতাদেশ চাওয়া হলেও আদালত তা দেয়নি। আদালত রুলনিশি জারি করে ১৪ দিনের মধ্যে কারণ দর্শাতে বলেছেন।” গত ২২ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক আদেশে বলা হয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের কাছে সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ এবং আলাদাভাবে ২ শতাংশ শেয়ার থাকতে হবে। ৬ মাসের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়নের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে, যা শেষ হবে ২১ মে। এসইসির একই নির্দেশনার বিরুদ্ধে গত ৮ এপ্রিল ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের (এনসিসিবিএল) পরিচালক হতে আবেদন করা শেখ আব্দুল মোমিন একটি রিট করেন। ওই রিটের শুনানি শেষেও আদালত একটি রুল জারি করে চার সপ্তাহের মধ্যে অর্থ সচিব, বাণিজ্য সচিব, এসইসি চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনসিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক, জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মের রেজিস্ট্রার, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এদিকে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, এসইসির আদেশের বিরুদ্ধে ইতোমধ্যে আরো দুটি রিট হয়েছে। এগুলো মঙ্গলবার শুনানি হবে। এ দুটি রিট করেছেন ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের শহীদ মোকাররম আলীসহ ১১ পরিচালক এবং ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালক আব্দুল কাদের চৌধুরী ও রিজিয়া ইউনূস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/আরবি/এসইউ/১৬৩০ ঘ.