ঢাকা, মে ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার সংশিষ্ট মামলাগুলো দ্রুত নিষ্পত্তিতে ‘বিশেষ আদালত’ গঠনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
বৃহস্পতিবার সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনমন্ত্রীর কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
সংসদীয় কমিটির ৬২তম বৈঠক শেষে কমিটির সদস্য টিআইএম ফজলে রাব্বি চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, গত আওয়ামী সরকারের সময়ে ‘পুঁজিবাজার কারসাজির’ পরে যেসব মামলা হয়েছিলো সেগুলো এখনো নিষ্পত্তি হয়নি। এসব মামলা দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। এই মামলাগুলোর নিষ্পত্তির প্রয়োজন।
তিনি বলেন, “ভবিষ্যতে এ ধরনের মামলাগুলোর দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের দরকার, যাতে দোষীদের দ্রুত শাস্তি দেওয়া যায়।”
পুঁজিবাজার সংশ্লিষ্ট মামলাগুলো দ্রুত নিস্পত্তিতে সহায়তার জন্য কমিটির পক্ষ থেকে আইনমন্ত্রীর কাছে চিঠি লেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন জাপার এ সাংসদ।
যুক্তরাষ্ট্র ও ভারতের আদলে স্বাধীন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গঠনেরও সুপারিশ করেছে কমিটি।
এ বিষয়ে কমিটির সদস্য মইন উদ্দীন খান বাদল সাংবাদিকদের জানান, এসইসি সিদ্ধান্ত নেওয়া থেকে শুরু করে সবকিছু নিজের মতো করতে পারলে আরও গতিশীল হবে। তবে স্বাধীন হলেও তার জবাবদিহিতা থাকতে হবে।
“আমাদের দেশে পুঁজিবাজারে কোনো সমস্যা হলেই সেটির দায় সরকারের ওপর বর্তায়। অনেক সিদ্ধান্তের জন্য এসইসিকে সরকারের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়।”
কমিটি পুঁজিবাজার সম্পর্কে জনগণকে স্বচ্ছ ধারণা দিতে কী করণীয় ও কী করা যাবে না- তা উল্লেখ করে প্রয়োজনে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার সুপারিশ করেছে বলে জানান তিনি।
সংসদ সচিবালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে পুঁজিবাজারে নতুন শেয়ার আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। সরকারি প্রতিষ্ঠানের শেয়ার ধীরে ধীরে বাজারে আনার পরামর্শও দেওয়া হয়।
বৈঠকে শেয়ারবাজার অস্থিতিশীল করার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত কার্যক্রম অব্যহত রাখা এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
পুঁজিবাজারকে শক্তিশালী করার জন্য নেওয়া পদক্ষেপগুলো যথাসময়ে বিনিয়োগকারীদের জানানোর কথাও বলা হয়।
কমিটির সভাপতি এবিএম গোলাম মোস্তফার সভাপতিত্বে কমিটির সদস্য টিআইএম ফজলে রাব্বি চৌধুরী, খান টিপু সুলতান, মইন উদ্দীন খান বাদল, বজলুল হক হারুন ও আমিনা আহমেদ বৈঠকে অংশ নেন।
সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনসহ এসইসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশি¬¬ষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউ/১৮১৯ ঘ.
bdnews24