ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার থেকে কোনো কোম্পানির অর্থ সংগ্রহের জন্য তাদের ‘স্বচ্ছতা ও জবাবদিহিতা’ শতভাগ নিশ্চিত করার পক্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
পুঁজিবাজার থেকে সংগৃহীত অর্থ ‘যথাযথভাবে’ ব্যবহার করার বিষয়েও ‘স্বচ্ছতা নিশ্চিতকরণ’ চায় ডিএসই।
বুধবার পরিচালনা পর্ষদের সভাশেষে ডিএসই সভাপতি রকিবুর রহমান সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের পুঁজিবাজার বর্তমানে একটি ক্রান্তিকাল পার করছে। অনেক অনাস্থার মধ্যে আস্থা খুঁজে পাওয়ার চেষ্টা করছে।”
“এ বাজারকে ভালো করার জন্য সংশ্লিষ্ট সবাই মিলে চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাজারকে ভালো করতে হলে এর সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।”
রকিবুর রহমান বলেন, “পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করতে হলে কোম্পানির কর্তৃপক্ষকে ওই কোম্পানির ভবিষ্যৎ প্রবৃদ্ধি সম্পর্কে নিশ্চয়তা দিতে হবে।”
রাইট শেয়ার ইস্যু ও প্রাথমিক গণপ্রস্তাবের মাথ্যমে অর্থ সংগ্রহের দিকে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “বাজার যখন ভালো থাকে তখন সব আসা শুরু করে। বাজার ভালো হলে যে কোনো শেয়ার যে কোনোভাবে এসে টাকা তুলে নেবে এটাকে আমরা অনুৎসাহিত করছি।”
পর্ষদ সভাশেষে ডিএসই সভাপতি পুঁজিবাজার থেকে কোম্পানিগুলোর অর্থ সংগ্রহের কিছু বিষয়ে তাদের আপত্তির কথা জানান।
রাইট শেয়ার ইস্যু
রকিবুর রহমান বলেন, “রাইট শেয়ার ইস্যুর ক্ষেত্রে বেশিরভাগ সময় বলা হয় এ অর্থ দিয়ে ঋণ পরিশোধ করা হবে। তাহলে ওই ঋণ নিয়ে কী করা হয়েছিল, তার পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে। এ বিষয়ে স্বচ্ছতা দেখাতে না পারলে রাইটের মাধ্যমে অর্থ সংগ্রহের বিষয়টি অনুৎসাহিত করছি আমরা।”
“এছাড়া রাইটের মাধ্যমে অর্থ তুলতে হলে কোম্পানির আয় ও সম্পদের ভবিষ্যৎ প্রবৃদ্ধির বিষয়ে নিশ্চয়তা দিতে হবে। রাইটের টাকা তুলবেন আবার কোম্পানির প্রবৃদ্ধি নেতিবাচক হবে তা হতে দেওয়া হবে না।”
একীভূত
ডিএসই সভাপতি বলেন, “অনেক ক্ষেত্রে দেখা যায় একাধিক কোম্পানির একীভূতকরণ হচ্ছে। কিন্তু এ ধরণের প্রক্রিয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হোক আমরা তা চাই না।”
“অন্য কোম্পানি একীভূতকরণের ফলে মূল কোম্পানির আয় বাড়ানোর বিষয়ে নিশ্চয়তা তৈরি করতে হবে।”
আইপিও প্রসপেক্টাস যাচাই-বাছাই কমিটি
পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য জমা দেওয়া কোম্পানির প্রসপেক্টাস যাচাই-বাছাই করার জন্য ১৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির প্রধান করা হয়েছে ইন্সটিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদকে।
রকিবুর রহমান বলেন, “একটি দক্ষ প্যানেল দিয়ে কোম্পানির প্রসপেক্টাস যাচাই-বাছাই করার জন্য এ কমিটি গঠন করা হয়েছে। এরা যাচাই-বাছাই করে ডিএসই বোর্ডে পাঠাবে। ডিএসই বোর্ড অনুমোদন করলে তা প্রস্তাব আকারে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) যাবে।”
এসইসি ট্রাইব্যুনাল
কোম্পানিগুলোর অভ্যন্তরীণ ঝামেলা দ্রুত ফয়সালার জন্য এসইসিকে একটি ট্রাইব্যুনাল গঠনের পরামর্শ দিয়েছে ডিএসই।
রকিবুর রহমান বলেন, “অনেক সময় দেখা যায় কোম্পানির পরিচালকরাই ঝগড়াঝাটি করেন। ওই বিষয়টি আদালতেও যায়। আর আদালতের দীর্ঘসূত্রতার কারণে ক্ষতিগ্রস্ত হন বিনিয়োগকারীরা।”
তাই এ ধরণের বিষয় আদালতে যাওয়ার আগে এসইসিতে ফয়সালার একটা ব্যবস্থা থাকা উচিৎ বলে মন্তব্য করেন তিনি।
অন্যান্য বিষয়
রকিবুর রহমান বলেন, একটি শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার জন্য সরকার যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে।
“এসইসির নির্দেশনা অনুযায়ী পরিচালকদের ন্যুনতম শেয়ার ধারণের বিষয়টি কোম্পানি আইনে অন্তর্ভুক্ত করতে আইনমন্ত্রীকে অনুরোধ জানিয়েছি আমরা। তিনি আমাদের কথায় সম্মতি দিয়েছেন,” বলেন তিনি।
ডিএসই সভাপতি জানান, তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্সের ওপর ভিত্তি করে চলতি বছরেই বাছাই করা ৩০ কোম্পানিকে পুরস্কৃত করবে ডিএসই। প্রধানমন্ত্রী এ পুরস্কার দেবেন।
আগামী জুনের মধ্যে পুঁজিবাজারে অনলাইন লেনদেন শুরু হবে জানিয়ে রকিবুর রহমান বলেন, “যেসব বিনিয়োগকারী অমনিবাস হিসাবের মাধ্যমে লেনদেন করেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা অমনিবাস ত্যাগ করে বিও হিসাবে মাধ্যমে লেনদেন শুরু করুন।”
এছাড়া পুঁজিবাজারের জন্য একটি বাজেট প্রস্তাবনা তৈরি করা হচ্ছে বলে জানান ডিএসই সভাপতি।
তিনি বলেন, বাজেটে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক, ইন্সুরেন্স ও অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের কর ৫ শতাংশ কমিয়ে সাড়ে ৩৭ শতাংশ করার প্রস্তাব করব আমরা। এতে ব্যাংকগুলোর লভ্যাংশ দেওয়ার সক্ষমতা বাড়বে।
এছাড়া ২৫ হাজার টাকা পর্যন্ত লভ্যাংশ করমুক্ত রাখা এবং ২৫ হাজারের ওপর ১০ শতাংশ হারে কর রাখার প্রস্তাব দেওয়া হবে বলে জানান তিনি।
রকিবুর রহমান বলেন, “রিপিট আইপিও, প্রেফারেনশিয়াল শেয়ার ও কনভার্টেবল বন্ড- এ ধরণের জিনিসগুলোকে আমরা অনুৎসাহিত করতে চাই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এফএফএস/পিডি/০০২৬ ঘ.
bdnews24