২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই: লেনদেন ও সূচক বেড়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় দিন সাধারণ সূচকে যোগ হয়েছে প্রায় ২১ পয়েন্ট। লেনদেন হয়েছে প্রায় ৯১১ কোটি টাকার শেয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 05:49 AM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় দিন লেনদেন ও সূচক দুটোই গতদিনের চেয়ে বেড়েছে। বিএনপির ডাকা হরতালের মধ্যেই সিংহভাগ সদস্য লগইন করায় সোমবার যথাসময়ে বেলা ১১টা ডিএসইতে লেনদেন শুরু হয়। প্রথম ঘণ্টায় ডিএসই সাধারণ সূচক প্রায় ৬২ পয়েন্ট বাড়ে। এরপর সূচক খানিকটা কমে। লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ২১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৮৮ পয়েন্ট হয়েছে। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত আছে ১৭টির দাম। লেনদেন হয়েছে প্রায় ৯১১ কোটি টাকার শেয়ার যা গতদিনের চেয়ে প্রায় ২৫৮ কোটি টাকা বেশি। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক আগের দিনের চেয়ে দশমিক ৩৩ শতাংশ কমে। ঢাকার পুঁজিবাজারে গত সপ্তাহে সূচক ওঠা-নামার মধ্যে থাকলেও লেনদেন বেড়েছে। গত সপ্তাহে (১৫-১৯ এপ্রিল) পাঁচ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক বাড়ে প্রায় ২৪ পয়েন্ট। দৈনিক গড় লেনদেন বেড়ে দাঁড়ায় ১ হাজার ২১ কোটি টাকা যা আগের সপ্তাহে ছিল ৮৪৫ কোটি টাকা। এর আগের সপ্তাহেও ডিএসই সাধারণ সূচক ও গড় দৈনিক লেনদেন দুটোই বেড়েছিল। সাধারণ সূচক বেড়েছিল ৪.৮০ শতাংশ বা ২৪৪ দশমিক ৬৯ পয়েন্ট। এরও আগের চার সপ্তাহেও সাধারণ সূচকও বেড়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫৩১ ঘ.