২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে এনবিএলের

প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2012, 06:58 AM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল)। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে বলা হয়, পুঁজিবাজারের সবচেয়ে বড় পরিশোধিত মূলধনের এ কোম্পানিটির চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি ২০১২ থেকে মার্চ ২০১২) গত বছরের প্রথম প্রান্তিকের চেয়ে নিট মুনাফা বেড়েছে প্রায় ২১ শতাংশ। চলতি বছরের প্রথম প্রান্তিকে এনবিএলের কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৫৬ কোটি ৭৮ লাখ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ১২৯ কোটি ৫৯ লাখ টাকা। মুনাফা বাড়ার কারণে প্রথম প্রান্তিকে এনবিএলের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১০ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৯১ পয়সা। ১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত এনবিএল গত কয়েকবছর ধরে ‘উচ্চহারে’ বোনাস শেয়ার ইস্যু করছে। যার ফলে কোম্পানিটির পরিশোধিত মূলধন বেড়ে হয়েছে ১ হাজার ৪১৯ কোটি ৬০ লাখ টাকায়। অনুমোদিত মূলধনের পরিমাণ ১ হাজার ৭৫০ কোটি টাকা। গত বছর (২০১১) শেষে কোম্পানিটি কর পরবর্তী নিট মুনাফা করেছিল ৬১১ কোটি ২৯ লাখ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১২৫২ ঘ.