ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ দিন সূচকের সঙ্গে লেনদেনও কমেছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর পর প্রথম ৫ মিনিটে সূচক প্রায় ৭৮ পয়েন্ট বাড়ে। এর পর তা কমতে থাকে। দুপুর আড়াইটায় দিকে তা গতদিনের সূচকের চেয়ে নিচে নেমে যায়। লেনদেন শেষে সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ২২ পয়েন্ট কমে ৫ হাজার ৪৮০ পয়েন্ট হয়েছে।
হাতবদল হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির দাম। লেনদেন হয়েছে প্রায় ৯৯১ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ২২ কোটি টাকা কম।
মঙ্গলবার লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচকে যোগ হয় ৮৪ পয়েন্ট। টানা ৪ দিন সূচক বাড়ার পর সোমবার ডিএসই সাধারণ সূচক কমে প্রায় ৪৬ পয়েন্ট। রোববার সপ্তাহের প্রথম দিন ডিএসই সাধারণ সূচকে যোগ হয়েছিল প্রায় ১২০ পয়েন্ট।
গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ও গড় দৈনিক লেনদেন দুটোই বেড়েছে। গত সপ্তাহে সাধারণ সূচক বেড়েছে ৪.৮০ শতাংশ বা ২৪৪ দশমিক ৬৯ পয়েন্ট। দৈনিক গড় লেনদেন হয়েছে প্রায় ৮৪৫ কোটি টাকার যা এর আগের সপ্তাহের চেয়ে ১৬ দশমিক ১৯ শতাংশ বেশি।
এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক প্রায় ১০৯ পয়েন্ট বা ২.১৮ শতাংশ বাড়ে। এরও আগের তিন সপ্তাহেও সাধারণ সূচকও বেড়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫২৫ ঘ.
bdnews24