ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিচালকদের শেয়ার ধারণ সম্পর্কিত সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) প্রজ্ঞাপন নিয়ে হাই কোর্টের রুলের জবাবের বিষয়ে আগামী ১৬ এপ্রিল বোর্ড সভায় সিদ্ধান্ত নেবে দেশের দুই স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।
বুধবার বিকালে ডিএসইর বোর্ড রুমে ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষের আলোচনার পর সিএসই সভাপতি আল মারুফ খান বলেন, “আমরা রিটের সার্টিফায়েড কপি আজ হাতে পেয়েছি। দুই স্টক এক্সচেঞ্জ এই দুই বিষয়ে আলোচনা করেছি। আমরা আমাদের আইনজীবীদের সঙ্গে আলোচনা করে বিষয়টি ১৬ এপ্রিল সিএসই ও ডিএসইর বোর্ড মিটিংয়ে উপস্থাপন করব।”
ডিএসই সভাপতি রকিবুর রহমান বলেন, “আমরা দুই স্টক এক্সচেঞ্জ যৌথভাবে কাজ করে যাচ্ছি। আমরা খুব শিগগিরই আদালতকে বোঝাতে পারব, প্রজ্ঞাপনটি বিনিয়োগকারী ও পুঁজিবাজারের স্বার্থে এবং পরিচালকদের জবাবদিহিতার নিশ্চিত করতে করা হয়েছে।”
রোববার এক আদেশে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালকদের ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণে নিয়ন্ত্রক সংস্থা এসইসির জারি করা প্রজ্ঞাপনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চায় হাই কোর্ট।
চার সপ্তাহের মধ্যে অর্থ সচিব, বাণিজ্য সচিব, এসইসি চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনসিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক, জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মের রেজিস্ট্রার, ডিএসই ও সিএসইকে রুলের জবাব দিতে বলা হয়।
পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে গত ২২ নভেম্বর একটি আদেশ জারি করে এসইসি।
ওই আদেশে বলা হয়, একটি কোম্পানির মোট পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ ওই প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও পরিচালকদের হাতে থাকতে হবে। আর ব্যক্তিগতভাবে প্রত্যেকে পরিচালকের হাতে ন্যূনতম ২ শতাংশ শেয়ার থাকতে হবে, তা না হলে তিনি পরিচালক পদ হারাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৮৩৯ ঘ.
bdnews24