২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার ধারণে হাই কোর্টের রুল নিয়ে বসছে ডিএসই ও সিএসই

পরিচালকদের শেয়ার ধারণ সম্পর্কিত সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) প্রজ্ঞাপন নিয়ে হাই কোর্টের রুলের জবাব দিতে বুধবার আলোচনায় বসছে দেশের দুই স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2012, 04:38 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিচালকদের শেয়ার ধারণ সম্পর্কিত সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) প্রজ্ঞাপন নিয়ে হাই কোর্টের রুলের জবাব দিতে বুধবার আলোচনায় বসছে দেশের দুই স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মুখপাত্র সফিকুর রহমান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, বুধবার বিকাল ৪টায় ডিএসই’র বোর্ড রুমে ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ আলোচনায় বসবে। রোববার এক আদেশে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালকদের ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণে নিয়ন্ত্রক সংস্থা এসইসির জারি করা প্রজ্ঞাপনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চায় হাই কোর্ট। চার সপ্তাহের মধ্যে অর্থ সচিব, বাণিজ্য সচিব, এসইসি চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনসিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক, জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মের রেজিস্ট্রার, ডিএসই ও সিএসইকে রুলের জবাব দিতে বলা হয়। পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে গত ২২ নভেম্বর একটি আদেশ জারি করে এসইসি। ওই আদেশে বলা হয়, একটি কোম্পানির মোট পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ ওই প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও পরিচালকদের হাতে থাকতে হবে। আর ব্যক্তিগতভাবে প্রত্যেকে পরিচালকের হাতে ন্যূনতম ২ শতাংশ শেয়ার থাকতে হবে, তা না হলে তিনি পরিচালক পদ হারাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/পিডি/২২৩৮ ঘ.