২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে তথ্য প্রমাণ উপস্থাপন করবে ডিএসই

পরিচালকদের শেয়ার ধারণ সম্পর্কিত সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রজ্ঞাপন নিয়ে হাই কোর্টের রুলের পরদিন অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2012, 06:41 AM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিচালকদের শেয়ার ধারণ সম্পর্কিত সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) প্রজ্ঞাপন নিয়ে হাই কোর্টের রুলের জবাবে আদালতে প্রয়োজনীয় তথ্য উপাত্ত উপস্থাপন করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। সোমবার সকালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সঙ্গে দেখা করে সাংবাদিকদের ডিএসই সভাপতি রকিবুর রহমান বলেন, “আমরা এর জবাব দেব। আমরা তথ্য উপাত্ত দিয়ে প্রমাণ করতে সক্ষম হব যে এটি (এসইসির প্রজ্ঞাপন) জনস্বার্থে ও বিনিয়োগকারীদের স্বার্থে করা হয়েছে।” সোমবার সকাল সাড়ে ১০টায় রকিবুরের নেতৃত্বে ডিএসইর একটি প্রতিনিধি দল অ্যাটর্নি জেনারেলের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন। রোববার এক আদেশে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালকদের ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণে নিয়ন্ত্রক সংস্থা এসইসির জারি করা প্রজ্ঞাপনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চায় হাই কোর্ট। চার সপ্তাহের মধ্যে অর্থ সচিব, বাণিজ্য সচিব, এসইসি চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনসিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক, জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মের রেজিস্ট্রার, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে রুলের জবাব দিতে বলা হয়েছে। রকিবুর বলেন, “রিটের পরিপ্রেক্ষিতেই আমরা অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করেছি। নভেম্বরের ২২ তারিখে এসইসি যে প্রজ্ঞাপন জারি করেছে তা পুজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে।” “প্রজ্ঞাপনটি অত্যন্ত যুক্তিযুক্ত। আমরা এটি মহামান্য আদালতকে বোঝাতে সক্ষম হব”, যোগ করেন তিনি। পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে গত ২২ নভেম্বর একটি আদেশ জারি করে এসইসি। ওই আদেশে বলা হয়, একটি কোম্পানির মোট পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ ওই প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও পরিচালকদের হাতে থাকতে হবে। আর ব্যক্তিগতভাবে প্রত্যেকে পরিচালকের হাতে ন্যূনতম ২ শতাংশ শেয়ার থাকতে হবে, তা না হলে তিনি পরিচালক পদ হারাবেন। গত ৪ এপ্রিল সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (এসইসি) নির্দেশনা মেনে নির্দিষ্ট সময়ের মধ্যেই পুঁজিবাজার থেকে শেয়ার কেনার বাধ্যবাধকতার কথা উদ্যোক্তা-পরিচালকদের মনে করিয়ে দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এসইসির এই আদেশের কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়, আগামী ২১ মে শেয়ার কেনার সময়সীমা শেষ হবে। উদ্যোক্তা-পরিচালকদের যারা এখনও ২ শতাংশ ও ৩০ শতাংশের কোটা পুরণ করেননি, তাদের এ সময়ের মধ্যে শেয়ার কেনা শেষ করার কথা মনে করিয়ে দিতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের অনুরোধ করা হয়েছে ডিএসইর এই চিঠিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১২২৫ ঘ.