ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম দুই দিন সূচকে ঊর্ধ্বগতির পর মঙ্গলবার লেনদেন শেষে সূচক ও লেনদেন দুটোই কমেছে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হওয়ার পর থেকেই সুচক ওঠানামা চলে। লেনদেনের শেষভাগে এসে সূচক নিচের দিকে নামে। লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক আগের দিনের চেয়ে ৫৬ পয়েন্ট কমে ৫ হাজার ১২৬ পয়েন্ট হয়েছে।
এ সময় পর্যন্ত হাতবদল হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টির দাম। লেনদেন হয়েছে প্রায় ৭৩৮ কোটি টাকার শেয়ার যা গতদিনের চেয়ে প্রায় ২৫২ কোটি টাকা কম।
ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে সোমবার যোগ হয় ৬০ পয়েন্ট। ওইদিন লেনদেন হয় প্রায় ৯৯০ কোটি টাকার শেয়ার যা গত সোয়া চার মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে এর চেয়ে বেশি এক হাজার ৫১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল গত বছরের ২৩ নভেম্বর।
গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ২৩১ পয়েন্ট বা ৪.৮৭ শতাংশ বাড়ে। গত সপ্তাহে গড়ে দৈনিক লেনদেন ছিল ৭৯৯ কোটি টাকা যা এর আগের সপ্তাহের দৈনিক গড় লেনদেনের চেয়ে ৬৭ দশমিক ৭৪ শতাংশ বেশি।
এর আগের সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক বাড়ে ২১৫ পয়েন্ট বা ৪ দশমিক ৭৫ শতাংশ। তারও আগের সপ্তাহে সাধারণ সূচক ১৯৮ পয়েন্ট বা ৪ দশমিক ৫৭ শতাংশ বেড়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫১৯ ঘ.
bdnews24