ঢাকা, এপ্রিল ০২(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ স্টক ও ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে সোমবার জানানো হয়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৫ মে বেলা সাড়ে ১০টায় বারিধারার বসুন্ধরা আবাসিক এলাকার বসুন্ধরা কনভেনশন সেন্টার ২-এ অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ এপ্রিল।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৭ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩১ টাকা ৪২ পয়সা।
কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে ৫৫ শতাংশ স্টক ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১১৫৬ ঘ.
bdnews24