২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মূল্য সংশোধনের পরদিন ডিএসই সূচক ঊর্ধ্বমুখী

মূল্য সংশোধনের পর সপ্তাহের শেষ দিন ঊর্ধ্বমুখী সূচক নিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2012, 05:40 AM

Updated : 25 Apr 2022, 09:10 PM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মূল্য সংশোধনের পর সপ্তাহের শেষ দিন ঊর্ধ্বমুখী সূচক নিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বৃহস্পতিবার ডিএসই সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৫৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৫৯ পয়েন্ট হয়। এদিন হাতবদল হয়েছে ৪৪২ কোটি টাকার শেয়ার। এসব শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২১৩টির, কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির দাম। টানা চার দিন ঊর্ধ্বগতির পর বুধবার সূচক কমে ৪ হাজার ৭০০ পয়েন্টে বাজার শেষ হয়েছিল। বৃহস্পতিবার লেনদেনের প্রথম ১৫ মিনিট ওঠানামা চলার পর ঊর্ধ্বমুখী হয় ডিএসই সূচক। বেলা ১২টায় তা বেড়ে ৩০ পয়েন্ট এবং ১টায় ৫৮ পয়েন্ট বেড়ে যায়। এরপর তৃতীয় ঘণ্টায় এসে সূচক বৃদ্ধির গতি কিছুটা কমলেও শেষ ঘণ্টায় আবার তা বাড়ে। বুধবার ডিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে ৪২টির, কমে ২০৭টির এবং অপরিবর্তিত ছিল ১২টির দাম। লেনদেন হয়েছিল ৪৭৮ কোটি টাকার শেয়ার। গত সপ্তাহের শেষ দিনে ডিএসইর নতুন সভাপতি নির্বাচিত হওয়ার দিন থেকে চলতি সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত চার কার্যদিবসে সূচক ও লেনদেন বৃদ্ধির ধারায় থাকে ডিএসই। বুধবার সূচকের ওঠানামার মধ্য দিয়ে সপ্তাহের প্রথম দুই ঘণ্টার লেনদেন চললেও তৃতীয় ঘণ্টা থেকে সূচক কমতে শুরু করে। গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ১৯৮ পয়েন্ট বা ৪ দশমিক ৫৭ শতাংশ বাড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১৫২৫ ঘ.