২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে সূচক পতন

টানা চারদিন ঊর্ধ্বমুখী থাকার পর বুধবার মূল্য সংশোধন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2012, 05:43 AM

Updated : 24 Aug 2022, 11:01 AM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা চারদিন ঊর্ধ্বমুখী থাকার পর বুধবার মূল্য সংশোধন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এদিন ডিএসই সাধারণ সূচক ৬৯ পয়েন্ট কমে হয়েছে ৪ হাজার ৭০০ পয়েন্ট। দাম কমেছে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের। ডিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৪২টির, কমেছে ২০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির দাম। লেনদেন হয়েছে ৪৭৮ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ৯৭ কোটি টাকা কম। বৃহস্পতিবার ডিএসইর নতুন সভাপতি নির্বাচিত হওয়ার দিন থেকে মঙ্গলবার পর্যন্ত চার দিনে সূচক ও লেনদেন বৃদ্ধির ধারায় থাকে ডিএসই। বুধবার সূচকের ওঠানামার মধ্য দিয়ে সপ্তাহের প্রথম দুই ঘণ্টার লেনদেন চললেও তৃতীয় ঘণ্টা থেকে সূচক কমতে শুরু করে। বেশিরভাগ শেয়ারের দাম কমলেও এদিন সিমেন্ট খাতের তালিকাভুক্ত ৬টি কোম্পানির মধ্যে ৫টির দাম বেড়েছে। দর বৃদ্ধির মধ্য দিয়েই লেনদেন শেষ করেছে টেলিযোগাযোগ খাতের একমাত্র তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোনের শেয়ার। মিশ্র প্রবণতা ছিল চামড়া খাত ও মিউচুয়াল ফান্ডগুলোর। দিনের শুরু থেকেই মূল্য সংশোধনের ধারায় ছিল প্রকৌশল, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি খাত এবং বস্ত্র খাত। প্রথম দুই ঘণ্টায় ব্যাংক, ইন্সুরেন্স ও বিবিধ খাতে মিশ্র প্রবণতা থাকলেও শেষ দুই ঘণ্টায় এ খাতের কোম্পানিগুলো দর হারায়। ওই সময়ে বেশিরভাগ ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান দাম বৃদ্ধির তালিকায় থাকলেও এসব শেয়ারের দিন শেষ হয় মিশ্র প্রবণতায়। বুধবার ডিএসইতে লেনদেন শুরুর পর ১১টা ৩০ এ সূচক আগের দিনের চেয়ে শূন্য দশমিক ৫ পয়েন্ট কমে যায়। তবে দুই ঘণ্টার মাথায় বেলা ১টায় সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট বেড়ে যায়। এরপর বেলা ২টায় সাধারণ সূচক আরো কমে হয় ৪ হাজার ৭৩৪ পয়েন্ট। গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ১৯৮ পয়েন্ট বা ৪ দশমিক ৫৭ শতাংশ বাড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১৫৩৫ ঘ.