রিয়াজুল বাশার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজের টাকায় ভালো প্রবৃদ্ধির কোম্পানির শেয়ারে ‘উপযুক্ত দামে’ বিনিয়োগ করলে বাজার ধ্বসের কারণেও বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হন না বলে মনে করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিদায়ী সভাপতি শাকিল রিজভী।
অধিক লাভের আশায় স্বল্প সময়ের জন্য ‘ট্রেডিং’ করতে গিয়ে পুঁজিবাজার সম্পর্কে যথেষ্ঠ ধারণা না থাকা বিনিয়োগকারীর বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে মনে করেন তিনি।
দুই বছর দায়িত্বপালন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের শীর্ষ পদ থেকে বিদায় নেওয়ার আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন শাকিল রিজভী।
২০১০ সালের মার্চে ডিএসই সভাপতি নির্বাচিত হন শাকিল রিজভী। এক বছরের মেয়াদ শেষে ২০১১ সালের মার্চে পুনরায় নির্বাচিত হন তিনি। বৃহস্পতিবার তার মেয়াদ শেষ হচ্ছে। ডিএসইর নির্বাচিত পরিচালকরা পরবর্তী বছরের জন্য নতুন সভাপতি নির্বাচিত করবেন।
শাকিল রিজভীর মেয়াদেই ডিএসইর সূচক সর্বোচ্চ অবস্থানে পৌঁছে আবার তলানিতে নামে। ২০১০ সালের ৫ ডিসেম্বর ডিএসই সাধারণ সূচক বেড়ে গিয়ে দাঁড়ায় ৮ হাজার ৯১৮ পয়েন্টে। বাজার মূলধন দাঁড়ায় ৩ লাখ ৬৮ হাজার কোটি টাকায়। সর্বোচ্চ লেনদেন হয় ৩ হাজার ২৪৯ কোটি টাকা।
আবার ১৪ মাসের মাথায় ২০১২ সালের ৬ ফেব্র“য়ারি ডিএসই সাধারণ সূচক তিন হাজার ৬১৬ পয়েন্টে নামে।
বাজার এভাবে ফুঁলে ফেঁপে ওঠার কারণ জানতে চাওয়া হলে শাকিল রিজভী বলেন, “২০১০ সালে বাজারটা বেড়ে যাওয়ার পেছনে অনেকগুলো কারণ ছিল। যেমন, ব্যাংক ও সঞ্চয়পত্রের কম সুদের হার, সঞ্চয়পত্রের সুদের ওপর করারোপ, নতুন সরকারের প্রতি মানুষের আস্থা, পুঁজিবাজারে ব্যাংকগুলোর সীমার বেশি বিনিয়োগ, অসম্পুর্ণ বুক বিল্ডিং পদ্ধতি ও সরাসরি তালিকাভুক্তি।”
“এসব কারণে ২০০৯ সাল থেকেই বাজার বাড়ছিল। আর ক্রমাগত বাড়ার ফলে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসও বাড়তে থাকে। এর ফলে এক সময় অতিমূল্যায়িত হয়ে যায় বাজার।”
তাহলে পতন অবশ্যম্ভাবী ছিল কি না জানতে চাওয়া হলে শাকিল রিজভী বলেন, “২০১০ সালের শেষের দিকে বেশিরভাগ কোম্পানির শেয়ারই অতিমূল্যায়িত হয়ে পড়ে। মৌলভিত্তির তুলনায় মূল্য বেশি বেড়ে যায়। আবার এ সময় ব্যাংকগুলোও তাদের বিনিয়োগ কমিয়ে ফেলে। স্বাভাবিকভাবেই একটি বড় ধরণের মুল্য সংশোধন শুরু হয়। যদিও এর আগেই ডিএসইর পক্ষ থেকে বিনিয়োগকারীদের সতর্ক করা হয়েছিল।”
“তবে বাজার উর্ধ্বমুখী হওয়ার সময় সরকারের উচিৎ ছিল সরকারি কোম্পানির শেয়ার সরবরাহ বাড়ানো। এতে সরকার বাজার থেকে অনেক টাকা তুলতে পারতো। কিন্তু সরকার টাকা তুলতে পারেনি, শুধু বদনামের ভাগীদার হয়েছে।”
গত এক বছরে নিয়ন্ত্রক সংস্থা, সরকার ও ডিএসইর পক্ষ থেকে নানা ধরণের পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, “আইনকানুন সংশোধনসহ গত এক বছরে অনেক ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে। এগুলোর বাস্তবায়ন শুরু হয়েছে। পুরোপুরি বাস্তবায়ন হলে ভবিষ্যতে এগুলো অনেক সুফল বয়ে আনবে।”
“আশার কথা হলো বর্তমান সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছে। যেগুলো আরো দশ বছর আগে করা উচিৎ ছিল। আগের এসইসি শুধু মার্জিন ঋণ নিয়েই ব্যস্ত ছিল।”
ভবিষ্যতে পুঁজিবাজারও অনেক ভালো হবে বলে তিনি আশাবাদী। তবে বিনিয়োগকারীদের সতর্কতার সঙ্গে মৌলভিত্তির শেয়ারে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন তিনি।
“পুঁজিবাজার এমন জায়গা যেখানে ঋণ, ধার নেওয়া টাকা নিয়ে বিনিয়োগ করা এবং নিম্নআয়ের মানুষদের আসা ঠিক না। পুঁজিবাজার সম্পর্কে যাদের পর্যাপ্ত জ্ঞান আছে তাদেরই বিনিয়োগ করা ঠিক হবে।”
“আর প্রকৃত বিনিয়োগকারীরা কখনও ক্ষতিগ্রস্ত হন না। নিজের টাকায় বিনিয়োগ করলে তিন চার বছর অপেক্ষা করতে থাকতে হবে। এতে ব্যাংকে টাকা রাখার চেয়ে কয়েকগুন বেশি মুনাফা পাওয়া যাবে। যেমন, ২০০৯ সালের শুরুর দিকে যারা মৌলভিত্তির শেয়ারে বিনিয়োগ করেছেন, এখন তারা লোকসানে তো নেই বরং বেশ লাভে আছে।”
শাকিল রিজভী বলেন, “পর্যাপ্ত জ্ঞান ছাড়া যারা দৈনিক লেনদেন করতে চান তারা বেশি ক্ষতিগ্রস্ত হন। ভালো প্রবৃদ্ধির শেয়ার উচিৎ দামে কিনে ধরে রাখতে পারলে ক্ষতি নেই।”
বর্তমান বাজারের অবস্থা জানতে চাইলে তিনি বলেন, “এখনও বাজারের মূল্য আয়ের অনুপাত (পিই রেশিও) ১১ এর কাছাকাছি। প্রতিবেশি দেশগুলোর তুলনায় এটা অনেক কম। আমি মনে করি এটা ১৫ পর্যন্ত যেতে পারে।”
বিনিয়োগকারীদের আস্থার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, “বাজারের পতন দেখে অনেকেই বলছেন এই বুঝি শেষ হয়ে গেল। কিন্তু আসলে তা নয়। বাজার কখনোই শেষ হয় না। উত্থান-পতনের মধ্য দিয়েই চলে। কেউ কেউ তো শেয়ারটা কিনছেন।”
শাকিল রিজভী বলেন, “আমাদের বাজার মূলধন মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২০ শতাংশ। এটা আরো অনেক বৃদ্ধির সুযোগ রয়েছে। স্বাভাবিকভাবেই প্রচুর কোম্পানির তালিকাভূক্তিরও সুযোগ রয়েছে। আশা করি ভবিষ্যতে এটা হবে।”
বুধবার ডিএসইর বাজার মূলধন ছিল ২ লাখ ৩৬ হাজার কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১২৩০ ঘ.
bdnews24