ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ দিন লেনদেনে শুরু থেকে শেষ পর্যন্ত সূচক ওঠানামা করেছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হওয়ার পর ওঠানামার মধ্য দিয়ে সূচক কমতে থাকে। বেলা পৌনে একটার দিকে সূচক ৫০ পয়েন্টের মতো কমে। এরপর সূচক কিছুটা ওপরের দিকে ওঠে। লেনদেন শেষে সাধারণ সূচক গতদিনের চেয়ে ১২ পয়েন্ট কমে ৪ হাজার ৫১০ পয়েন্ট হয়েছে।
হাতবদল হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত আছে ১৭টির। লেনদেন হয়েছে ৩২০ কোটি টাকা যা গতদিনের চেয়ে প্রায় ৪ কোটি টাকা বেশি।
মঙ্গলবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে যোগ হয় ১৭৩ পয়েন্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দরপতনের পর এ সপ্তাহের প্রথম দিন ডিএসই সাধারণ সূচক কমে ২৭ পয়েন্ট। সোমবার সাধারণ সূচকে যোগ হয় ২৪ পয়েন্ট।
সপ্তাহের প্রথম দুই দিন বিরোধী দলের ডাকা মহাসমাবেশকে কেন্দ্র করে সরকারের কড়াকড়িতে অচল হয়ে পড়া ঢাকার পুঁজিবাজারে লেনদেন অস্বাভাবিক কম হয়। মহাসমাবেশের দিন সোমবার লেনদেন হয় প্রায় ১৪২ কোটি টাকার শেয়ার। রোববার লেনদেন হয়েছিল ১২৭ কোটি টাকার শেয়ার যা গত সোয়া তিন বছরের মধ্যে সবচেয়ে কম।
গত সপ্তাহের শুরুতেই পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পোষানোর জন্য তাদের নেওয়া ঋণের সুদ অর্ধেক মওকুফের ঘোষণা আসার পরও পাঁচ কার্যদিবসে (৪ মার্চ থেকে ৮ মার্চ) সাধারণ সূচক কমে ২০৮ পয়েন্ট বা ৪ দশমিক ৫৮ শতাংশ।
গত সপ্তাহে পুঁজিবাজার সংশি¬ষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পোষাতে তাদের নেওয়া মার্জিন ঋণের এক বছরের সুদের ৫০ শতাংশ মওকুফ করা হবে। এছাড়া শেয়ারের আগামী প্রাথমিক গণপ্রস্তাবগুলোয় (আইপিও) ২০ শতাংশ কোটাও থাকবে তাদের জন্য।
পুঁজিবাজারে ১০ লাখ টাকা পর্যন্ত নিজস্ব অর্থ বিনিয়োগকারীকে ক্ষুদ্র বিনিয়োগকারী ধরা হয়েছে।
২০১০ সালের ডিসেম্বর পুঁজিবাজারে বড় ধরনের অস্থিরতা শুরু হওয়ার পর চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এক বছর দুই মাসে তিন দফায় দরপতন হয় প্রায় ৬০ শতাংশ। ২ ফেব্রুয়ারি ডিএসই সাধারণ সূচক ৩ হাজার ৬১৬ পয়েন্ট পর্যন্ত নামে। এরপর থেকে সূচক আবার বাড়তে শুরু করলেও গত সপ্তাহে আবার তা কমছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫৩৪ ঘ.
bdnews24