ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে সামিট পাওয়ার লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে মঙ্গলবার জানানো হয়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
সামিট পাওয়ারের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ এপ্রিল বেলা সাড়ে ১০টায় বসুন্ধরা আবাসিক এলাকার বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ মার্চ।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে সামিট পাওয়ার লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৩৭ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৫ টাকা ৯৫ পয়সা।
কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে ৩০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১২০১ ঘ.
bdnews24