২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে

সপ্তাহের তৃতীয় দিন লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচকে যোগ হয়েছে ১৭৩ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2012, 05:52 AM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের ডাকা মহাসমাবেশ শেষে নগরীতে অচলাবস্থা কেটে যাওয়ার পর মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও সূচক দুটোই বেড়েছে। মঙ্গলবার দেশের সবচেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর পর থেকেই ক্রমান্নয়ে সূচক বাড়তে থাকে। লেনদেন শেষে সাধারণ সূচক ১৭৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫২৩ পয়েন্ট হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২৪৯টির, কমেছে ৮টির এবং অপরিবর্তিত আছে ২টির। লেনদেন হয়েছে ৩১৬ কোটি টাকার শেয়ার, যা গতদিনের চেয়ে প্রায় ১৭৪ কোটি টাকা বেশি। বিরোধী দলের ডাকা মহাসমাবেশকে কেন্দ্র করে সরকারের কড়াকড়িতে অচল হয়ে পড়া ঢাকার পুঁজিবাজারে সপ্তাহের প্রথম দুই দিন লেনদেন অস্বাভাবিক কম হয়। মহাসমাবেশের দিন সোমবার লেনদেন হয় প্রায় ১৪২ কোটি টাকার শেয়ার। রোববার লেনদেন হয়েছিল ১২৭ কোটি টাকার শেয়ার যা গত সোয়া তিন বছরের মধ্যে সবচেয়ে কম। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দরপতনের পর এ সপ্তাহের প্রথম দিন ডিএসই সাধারণ সূচক কমে ২৭ পয়েন্ট। সোমবার সাধারণ সূচকে যোগ হয় ২৪ পয়েন্ট। গত সপ্তাহের শুরুতেই পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পোষানোর জন্য তাদের নেওয়া ঋণের সুদ অর্ধেক মওকুফের ঘোষণা আসার পরও পাঁচ কার্যদিবসে (৪ মার্চ থেকে ৮ মার্চ) সাধারণ সূচক কমেছে ২০৮ পয়েন্ট বা ৪ দশমিক ৫৮ শতাংশ। গত সপ্তাহে পুঁজিবাজার সংশি¬ষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পোষাতে তাদের নেওয়া মার্জিন ঋণের এক বছরের সুদের ৫০ শতাংশ মওকুফ করা হবে। এছাড়া শেয়ারের আগামী প্রাথমিক গণপ্রস্তাবগুলোয় (আইপিও) ২০ শতাংশ কোটাও থাকবে তাদের জন্য। পুঁজিবাজারে ১০ লাখ টাকা পর্যন্ত নিজস্ব অর্থ বিনিয়োগকারীকে ক্ষুদ্র বিনিয়োগকারী ধরা হয়েছে। ২০১০ সালের ডিসেম্বর পুঁজিবাজারে বড় ধরনের অস্থিরতা শুরু হওয়ার পর চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এক বছর দুই মাসে তিন দফায় দরপতন হয় প্রায় ৬০ শতাংশ। ২ ফেব্রুয়ারি ডিএসই সাধারণ সূচক ৩ হাজার ৬১৬ পয়েন্ট পর্যন্ত নামে। এরপর থেকে সূচক আবার বাড়তে শুরু করলেও গত সপ্তাহে আবার তা কমছে। এর আগে টানা চার সপ্তাহ সূচক বাড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫২৫ ঘ.