ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দরপতনের পর এ সপ্তাহের প্রথম দিনও সূচক কমেছে। গত তিন বছর তিন মাসের মধ্যে লেনদেন হয়েছে সবচেয়ে কম।
রোববার দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু থেকেই সূচকে ওঠানামা চলে। তবে বেলা ১২টা থেকে সূচক নিচের দিকে নামতে থাকে। শেষ দিকে এসে সূচক কিছুটা বাড়ে। লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক গতদিনের চেয়ে ২৭ পয়েন্ট কমে ৪ হাজার ৩১৭ পয়েন্ট হয়েছে।
লেনদেন হয়েছে ১২৭ কোটি টাকার শেয়ার যা গত তিন বছর তিন মাসের মধ্যে সবচেয়ে কম। পুরো দিনের লেনদেনের হিসেবে এর আগে এর চেয়েও কম লেনদেন হয়েছিল ২০০৮ সালের ১৭ ডিসেম্বর। সেদিন লেনদেন হয়েছিল ১০৯ কোটি টাকার শেয়ার।
গত বছরের ২০ জানুয়ারি অবশ্য ডিএসইতে ৬৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। তবে সেদিন সার্কিট ব্রেকার কাজ না করায় লেনদেন শুরুর পরপরই তা বন্ধ করে দেওয়া হয়।
রোববার ডিএসইতে হাতবদল হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত আছে ১৭টির।
গত সপ্তাহের শুরুতেই পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পোষানোর জন্য তাদের নেওয়া ঋণের সুদ অর্ধেক মওকুফের ঘোষণা আসার পরও পাঁচ কার্যদিবসে (৪ মার্চ থেকে ৮ মার্চ) সাধারণ সূচক কমেছে ২০৮ পয়েন্ট বা ৪ দশমিক ৫৮ শতাংশ।
গত রোববার পুঁজিবাজার সংশি¬ষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পোষাতে তাদের নেওয়া মার্জিন ঋণের এক বছরের সুদের ৫০ শতাংশ মওকুফ করা হবে। এছাড়া শেয়ারের আগামী প্রাথমিক গণপ্রস্তাবগুলোয় (আইপিও) ২০ শতাংশ কোটাও থাকবে তাদের জন্য।
পুঁজিবাজারে ১০ লাখ টাকা পর্যন্ত নিজস্ব অর্থ বিনিয়োগকারীকে ক্ষুদ্র বিনিয়োগকারী ধরা হয়েছে।
২০১০ সালের ডিসেম্বর পুঁজিবাজারে বড় ধরনের অস্থিরতা শুরু হওয়ার পর চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এক বছর দুই মাসে তিন দফায় দরপতন হয় প্রায় ৬০ শতাংশ। ২ ফেব্রুয়ারি ডিএসই সাধারণ সূচক ৩ হাজার ৬১৬ পয়েন্ট পর্যন্ত নামে। এরপর থেকে সূচক আবার বাড়তে শুরু করলেও গত সপ্তাহে আবার তা কমছে।
এর আগে টানা চার সপ্তাহ সূচক বাড়ে। গত সপ্তাহের আগের সপ্তাহে (২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ) ডিএসই সাধারণ সূচকে যোগ হয় ১৮৬ পয়েন্ট। তারও আগের সপ্তাহে (১৯ থেকে ২৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে যোগ হয় ১০৮ পয়েন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫৫১ ঘ.
bdnews24