২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহের শেষ দিন সূচক বাড়ল

সপ্তাহের শেষ দিন দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক বেড়েছে ৬০ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2012, 05:50 AM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ দিন লেনদেনের শুরুতে দরপতন হলেও লেনদেন শেষ হয়েছে সূচকের বৃদ্ধি দিয়ে। তবে সব মিলিয়ে এ সপ্তাহে সূচক কমেছে। বৃহস্পতিবার দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর পর সূচক কমতে থাকে। বেলা ১২টার দিকে ডিএসই সাধারণ সূচক প্রায় ৬০ পয়েন্ট কমে। এরপর তা ওপরের দিকে উঠতে থাকে। লেনদেন শেষে ডিএসই সূচক গতদিনের চেয়ে ৬০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৪৫ পয়েন্ট হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২২০টির, কমেছে ২৬টির এবং অপরিবর্তিত আছে ৭টির। লেনদেন হয়েছে ১৮৫ কোটি টাকার শেয়ার। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক কমে ১০৪ পয়েন্ট। মঙ্গলবার লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচকে যোগ হয় ৩ পয়েন্ট। পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পোষানোর জন্য তাদের নেওয়া ঋণের সুদ অর্ধেক মওকুফের ঘোষণা আসার পরদিন সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক ১৯২ পয়েন্ট কমে। রোববার ডিএসই সাধারণ সূচকে যোগ হয় ২৩ পয়েন্ট। রোববার দুপুরে পুঁজিবাজার সংশি¬ষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পোষাতে তাদের নেওয়া মার্জিন ঋণের এক বছরের সুদের ৫০ শতাংশ মওকুফ করা হবে। এছাড়া শেয়ারের আগামী প্রাথমিক গণপ্রস্তাবগুলোয় (আইপিও) ২০ শতাংশ কোটাও থাকবে তাদের জন্য। পুঁজিবাজারে ১০ লাখ টাকা পর্যন্ত নিজস্ব অর্থ বিনিয়োগকারীকে ক্ষুদ্র বিনিয়োগকারী ধরা হয়েছে। ২০১০ সালের ডিসেম্বর পুঁজিবাজারে বড় ধরনের অস্থিরতা শুরু হওয়ার পর চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এক বছর দুই মাসে তিন দফায় দরপতন হয় প্রায় ৬০ শতাংশ। ২ ফেব্রুয়ারি ডিএসই সাধারণ সূচক ৩ হাজার ৬১৬ পয়েন্ট পর্যন্ত নামে। এরপর থেকে সূচক আবার বাড়তে শুরু করলেও এ সপ্তাহে আবার তা কমছে। এ সপ্তাহের পাঁচ কার্যদিবসে ডিএসই সাধারণ সূচক কমেছে ২০৮ পয়েন্ট। এর আগে টানা চার সপ্তাহ সূচক বাড়ে। গত সপ্তাহে (২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ) ডিএসই সাধারণ সূচকে যোগ হয় ১৮৬ পয়েন্ট। গত সপ্তাহের আগের সপ্তাহে (১৯ থেকে ২৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে যোগ হয় ১০৮ পয়েন্ট। তারও আগের সপ্তাহে (১২ ফেব্রুয়ারি-১৬ ফেব্রুয়ারি) সাধারণ সূচক ২৪৫ পয়েন্ট বা ৬.১৯ শতাংশ বাড়ে। এর আগের সপ্তাহেও (৫ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি) ডিএসই সাধারণ সূচকে যোগ হয় ১৬৫ পয়েন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫৪৯ ঘ.