২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইন ফুডসের চেয়ারম্যানসহ ৬ জনের জরিমানা

নিয়ম ভঙ্গ করে সুবিধাভোগী ব্যবসায় লিপ্ত থাকার অপরাধে পুঁজিবাজারে তালিকাভূক্ত ফাইন ফুডসের চেয়ারম্যানসহ ৬ জনকে ৩ কোটি ৩১ লাখ টাকা জরিমানা করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2012, 12:44 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিয়ম ভঙ্গ করে সুবিধাভোগী ব্যবসায় লিপ্ত থাকার অপরাধে পুঁজিবাজারে তালিকাভূক্ত ফাইন ফুডসের চেয়ারম্যানসহ ৬ জনকে ৩ কোটি ৩১ লাখ টাকা জরিমানা করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এছাড়া সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় ৬ ব্যক্তি ও ৫ ব্রোকারকেও সতর্ক করেছে কমিশন। মঙ্গলবারের কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বুধবার এসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ) বিধিমালা, ১৯৯৫ এর দুটি বিধি ভঙ্গ করায় ফাইন ফুডসের চেয়ারম্যান সুজিত সাহাকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাকি ৫ জনের জরিমানা কারণ সম্পর্কে এসইসি বলেছে, “সুজিত সাহার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কারণে ফাইন ফুডসের শেয়ার সংক্রান্ত অপ্রকাশিত তথ্যের ভিত্তিতে লেনদেন করে লাভবান হওয়ায় তাদেরকে লাভের সমপরিমাণ অর্থ জরিমানা করা হয়।” এ চারজন হলেন, জুতন সাহা (৪৪ লাখ টাকা), ক্ষমা সাহা (১ কোটি ৮৫ লাখ টাকা), শিউলি সাহা (১৭ লাখ টাকা), জয়দেব কুমার সাহা (১০ লাখ টাকা) এবং শিপ্রা পাল (২৫ লাখ টাকা)। গত জানুয়ারিতে ফাইন ফুডস তাদের অর্ধবার্ষিক প্রতিবেদনে কোম্পানির লোকসানের তথ্য প্রকাশ করে। অবশ্য এর আগে টানা চার বছর ধরে কোম্পানিটি লাভজনক অবস্থায় ছিল। ২৪ জানুয়ারি প্রকাশ করা অর্ধবার্ষিক (জুন থেকে ডিসেম্বর) আর্থিক প্রতিবেদনে ফাইন ফুডস জানান, এ সময়ে কোম্পনিটির লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ লাখ টাকারও বেশি, অথচ আগের বছরের একই সময়ে তাদের মুনাফার পরিমাণ ছিল ২ কোটি টাকার ওপরে। লোকসান দেখনোর পর কোম্পানিটির শেয়ার দর ‘ব্যাপকভাবে’ পড়তে থাকে। কয়েক কার্যদিবসের ব্যবধানে শেয়ারের দর অর্ধেকেরও বেশি কমে দাঁড়ায় ২৩ টাকায়। আবার কয়েকদিনর ব্যবধানে তা ৩৫ টাকা ছাড়িয়ে যায়। গত ২২ নভেম্বর এসইসির এক নির্দেশনায় বলা হয়, পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার থাকতে হবে। এছাড়া প্রতিটি পরিচালকের ন্যূনতম ২ শতাংশ শেয়ার থাকতে হবে। এ শর্ত পূরণের জন্য উদ্যোক্তা পরিচালকদের ৬ মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। ১৩ ডিসেম্বর উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ধারণ সংক্রান্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রকাশ করা তথ্য থেকে জানা যায়, ফাইন ফুডসের উদ্যোক্তা পরিচালকদের কাছে সম্মিলিতভাবে ওই কোম্পানির ৮ দশমিক ৩৭ শতাংশ শেয়ার রয়েছে। এদিকে সিকিউরিটিজ আইন ভঙ্গ করার জন্য এসইসি শংকর কুমার রায়, শামসুল আলম, শাহ আলম মিন্টু, জাহাঙ্গীর আলম, সাজিয়া জেসমিন ও আফজাল হোসেইনকে সতর্ক করেছে। সর্তক নোটিশ পাওয়া ব্রোকারদের মধ্যে রয়েছেন, পিএফআই সিকিউরিটিজ, ব্যাংক এশিয়া, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও এমএইচ চৌধুরী সিকিউরিটিজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৮৩৫ ঘ.