ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পোষাতে সরকার প্রণোদনা ঘোষণা করলেও দরপতন শুরু হয়েছে দেশের পুঁজিবাজারে।
গত ৫ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ৪১০ পয়েন্ট বা প্রায় ৯ শতাংশ কমেছে।
রোববার ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পোষাতে তাদের নেওয়া মার্জিন ঋণের এক বছরের সুদের ৫০ শতাংশ মওকুফ করার সিদ্ধান্ত ঘোষণা করের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এছাড়া আগামী ২ বছরের প্রাথমিক গণপ্রস্তাবগুলোয় (আইপিও) ২০ শতাংশ কোটাও তাদের জন্য রাখা হয়েছে।
এ ঘোষণার পরদিন সোমবার ডিএসই সাধারণ সূচক কমে ১৯২ পয়েন্ট। মঙ্গলবার ৪ পয়েন্ট বাড়লেও বুধবার ১০৪ পয়েন্ট কমে।
বুধবার ডিএসইতে লেনদেন কমে প্রায় এক মাস আগের অবস্থায় চলে এসেছে। এদিন লেনদেন হয়েছে ১৭৯ কোটি টাকার শেয়ার।
বাজারের সা¤প্রতিক এ দরপতনের কারণ জানতে চাওয়া হলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ বলেন, “কেন যে দরপতন হচ্ছে তা পরিষ্কার বোঝা যাচ্ছে না। তবে আশার কথা হলো, বাজারে বিক্রেতা নেই বললেই চলে। এ কারণে লেনদেন একদম কমে গেছে। বিক্রির চাপ বেশি থাকলে চিন্তা করার মতো ব্যাপার থাকতো।”
২০১০ সালের ডিসেম্বর থেকে দেশের পুঁজিবাজারে অস্থিরতা শুরু হয়। টানা এক বছর ধরে অস্থিরতা চলার পর গত ১৬ নভেম্বর বাজার সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী।
এরপর ২৩ নভেম্বর বাজার স্থিতিশীলতার জন্য একটি প্যাকেজ ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
এরফলে ডিসেম্বরে বাজারে ‘কিছুটা’ স্থিতিশীলতা দেখা দিলেও জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে আবার দরপতন শুরু হয়। এ সময় এক মাসে ডিএসই সাধারণ সূচক প্রায় ৩৯ শতাংশ কমে ৩ হাজার ৬১৬ পয়েন্টে নেমে আসে।
জানুয়ারির দরপতনের জন্য ব্যাংকের আমানতের সুদ হার বৃদ্ধিকে দায়ী করে বাজার সংশ্লিষ্টরা। এরপর কেন্দ্রীয় ব্যাংক সুদ হার কমানোর উদ্যোগ নেওয়ার পর ফেব্র“য়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে বাজার ‘কিছুটা’ ঊর্ধ্বমুখী হয়।
এরপর পহেলা মার্চ থেকে আবার নিুমুখী প্রবণতায় রয়েছে পুঁজিবাজার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৬২৭ ঘ.
bdnews24