ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পোষানোর পদক্ষেপ চূড়ান্ত করতে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার দুপুরে অর্থ মন্ত্রণালয়ে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক শুরু হয়।
গত ২২ ফেব্রুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে এর আগের বৈঠকে পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পোষানোর পদক্ষেপ ১০ দিনের মধ্যে চূড়ান্ত হবে বলে জানিয়েছিলেন আবুল মাল আবদুল মুহিত। এরই ধারাবাহিকতায় বৈঠকটি হচ্ছে।
ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে জমা পড়া প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করা হয়েছে উল্লেখ করে মুহিত সাংবাদিকদের বলেছিলেন, “তাদের এসব সুপারিশ যাচাই-বাছাই করতে আরো কয়েকদিন সময় লাগবে। “আগামী ১০ দিনের মধ্যে বিষয়টি চূড়ান্ত করে আপনাদের মাধ্যমে জানাতে পারবো।”
বৈঠকে বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), বাংলাদেশ ব্যাংক, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস ও বাংলাদের্শ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত আছেন।
২০১০ সালের ডিসেম্বর থেকে পুঁজিবাজারে অস্থিরতা শুরু হয়। এরপর চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এক বছর দুই মাসে তিন দফায় দরপতন হয় প্রায় ৬০ শতাংশ।
এর মধ্যেই গত ১৬ নভেম্বর পুঁজিবাজার সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাজার স্থিতিশীল করার পাশাপাশি ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার নির্দেশ দেন।
ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে বিভিন্ন সুপারিশ প্রণয়ণের লক্ষ্যে সরকারের ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৩২১ ঘ.
bdnews24