ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে বেড়েছে লেনদেনের পরিমাণ, যা বাজারের জন্য ইতিবাচক বলে মনে করছেন বিশ্লেষকরা।
পুঁজিবাজারে গত সপ্তাহে (২৬ ফেব্রুয়ারি- ০১ মার্চ) দৈনিক গড়ে লেনদেন হয় প্রায় চারশ আশি কোটি টাকা যা আগের সাত সপ্তাহ থেকে বেশি। বছরের নয় সপ্তাহের মধ্যে এটি ছিল দ্বিতীয় সর্বোচ্চ গড় লেনদেন। এর আগের পাঁচ সপ্তাহে গড় লেনদেন ছিল তিনশ কোটি টাকার নিচে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওসমান ইমাম বিডিনিউজকে বলেন, “গেল সপ্তাহে বেশি ভালো দিক যেটা ছিল লেনদেনের পরিমাণ বেড়েছে। লেনদেনের পরিমাণ বাড়লে বাজারে কারসাজি করাটা কষ্টসাধ্য হয়ে যায়।”
গেল সপ্তাহে মোট লেনদেণের পরিমাণ ছিল দুই হাজার চারশ কোটি টাকা, যা তার আগের সপ্তাহের চেয়ে ১৪০ শতাংশ বেশি।
গত সপ্তাহে সাধারণ সূচক প্রায় ১৮৫ দশমিক ৯৫ পয়েন্ট বা ৪ দশমিক ২৬ শতাংশ বেড়ে ৪৫৫৩ দশমিক ৭৭ পয়েন্ট হয়। এর আগে বেড়েছিল ১০৮ দশমিক ৭৭ পয়েন্ট। এ নিয়ে টানা চার সপ্তাহ সাধারণ সূচক বাড়ল।
তবে বাজারে শেয়ারের দাম কমা-বাড়ার হারকে ‘সুস্থ’ মনে করছেন ফিন্যান্স বিভাগের শিক্ষক ওসমান।
তিনি বলেন, “একইসঙ্গে সব শেয়ারের দাম কমা এবং একইসঙ্গে সব শেয়ারের দাম বাড়া সুস্থ ব্যাপার না। যখন কিছু বাড়ে কিছু কমে তখন ধরে নেওয়া যায় বাজার সুস্থ আছে।”
গেল সপ্তাহে হাতবদল হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে ১৮৯টির, কমে ৭১টির এবং অপরিবর্তিত থাকে নয়টির দাম। এর আগের সপ্তাহে বেড়েছিল ২১৩টি, কমেছিল ৪৩টি এবং অপরিবর্তিত ছিল আটটি কোম্পানির শেয়ারের দাম।
ওসমান বলেন, বিভিন্ন কারণে বাজারে মানুষের আস্থা ফিরে আসছে।
এগুলোর মধ্যে কিছু কোম্পানির ভাল ডিভিডেন্ড, বাজারের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি, ডিএসই ও এসইসির বাজার পর্যবেক্ষণ এবং স্কিম কমিটির আশ্বাসের কথা উল্লেখ করেন তিনি ।
পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে বিনিয়োগকারীদের শেয়ার ফোর্সড সেল না করার অনুরোধ জানানো হয়েছে বলে বুধবার সংসদে জানান প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার পুঁজিবাজারে বিনিয়োগে সংশ্লিষ্টতা পাওয়ায় নিয়ন্ত্রক সংস্থা এসইসি’র নির্বাহী পরিচালক আনোয়ারুল কবীর ভূইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়।
গত মাসে অস্বাভাবিক শেয়ার লেনদেনের অভিযোগে বেশ কয়েকটি ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে তদন্ত করছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/পিডি/এমআই/১০০২ ঘ.
bdnews24