ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে বিনিয়োগে সংশ্লিষ্টতা পাওয়ায় নিয়ন্ত্রক সংস্থা এসইসি’র নির্বাহী পরিচালক আনোয়ারুল কবীর ভূইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার এক জরুরি সভায় এসব সিদ্ধান্তহয়েছে বলে এসইসি’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত বছরের জানুয়ারিতে পুঁজিবাজারে ধসের পর গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে আনোয়ারুল কবীর ভূইয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে।
তবে আরেক নির্বাহী পরিচালক এটিএম তারিকুজ্জামানের বিরুদ্ধে অভিযোগের ‘প্রমাণ’ না পাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে এসইসি।
কবীর ভূইয়া ও তার স্ত্রীর অভিযোগের বিষয়টি তদন্ত করার জন্য দুর্নীতি দমন কমিশনে পাঠানো হয়েছে।
পুঁজিবাজার বিষয়ক তদন্ত কমিটি প্রতেবেদন পেশ করার পর এদের বিষয়ে অধিকতর তদন্তের জন্য কমিটি গঠন করে এসইসি। এসইসির কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর তা নিয়ে বৃহস্পতিবার কমিশন বৈঠক হয়।
এসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “কমিশনের নির্বাহী পরিচালক আনোয়ারুল কবীর ভূইয়ার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সপক্ষে যথেষ্ট তথ্য উপাত্ত উপস্থাপিত হওয়াতে এবং এই অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে গুরু দণ্ড আরোপের সম্ভাবনা থাকায় তাকে কমিশনের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।”
আনোয়ারুল কবীর ভূইয়ার স্ত্রীকে সীমা অতিরিক্ত মার্জিন ঋণ দেওয়ার জন্য এনবিএল সিকিউরিটিজের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।
তারিকুজ্জামানের বিষয়ে এসইসি জানিয়েছে, “এটিএম তারিকুজ্জামানের বিরুদ্ধে পুঁজিবাজার কিংবা কমিশন প্রভাবিত হতে পারে এমন অনৈতিক অনাচারে জড়িত থাকার বিষয় তথ্য প্রমাণ দ্বারা নিশ্চিত না হওয়ায় তাকে সংশ্লিষ্ট অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জিএনএ/১৯৪২ ঘ.
bdnews24