ঢাকা, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্থিতিশীলতা ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থার অব্যাহত নজরদারির মধ্যে দরপতন থেকে ঘুরে দাঁড়িয়েছে দেশের দুই পুঁজিবাজার।
অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গত বুধবার লংকাবাংলা সিকিউরিটিজের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের পর রোববার একই অভিযোগে রয়্যাল ক্যাপিটালের বিরুদ্ধেও তদন্ত কমিটি গঠন করেছে সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন (এসইসি)।
এর ফলে পুঁজিবাজারের ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ১৬৫ পয়েন্ট বাড়ার পর এ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচক ২১৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২২৬ পয়েন্ট হয়েছে।
সূচক বাড়ার কারণ সম্পর্কে বেসরকারি বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান মাইন্ড¯িপ্রং বলেছে, “ব্যাংকগুলোর আমানত ও ঋণের সুদের হারের ওপর স্বপ্রণোদিত সীমা নির্ধারণ করা হয়েছে। এছাড়া কড়া তদারকি এবং অঘোষিত পরিদর্শনের ফলে অ্যাগ্রেসিভ বিক্রিও শিথিল হয়েছে।”
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসইসির তদারকি জোরদার হলেই রং ডুয়িং বন্ধ হয়ে যাবে। এর ফলে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়বে এবং বাজারে স্থিতিশীলতা ফিরবে।”
এসইসির মূখপাত্র সাইফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের তদারকি অব্যাহত রয়েছে।”
রোববার ডিএসইতে লেনদেন হয়েছে ২৯০ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ৬১ কোটি টাকা বেশি।
লেনদেনের বিষয়ে জানতে চাওয়া হলে মোহাম্মদ এ হাফিজ বলেন, “বাজার বেশি পড়ে যাওয়ায় অনেক লোকসানে চলে গেছেন বিনিয়োগকারীরা। তাই তারা লেনদেনে অংশ নিতে পারছেন না। আবার বাজার ঘুরতে দেখে অনেকেই বিক্রিও করছেন না। এ কারণেই লেনদেন অপেক্ষাকৃত কম মনে হচ্ছে।”
তবে পরবর্তীতে লেনদেন বাড়ার আশা প্রকাশ করে তিনি বলেন, “অনেক বিনিয়োগকারী এখনও নগদ টাকা নিয়ে বসে আছেন। তারা মনে করছেন, বাজার স্থিতিশীল হলে বিনিয়োগ করবেন। তাই সূচক আরেকটু বাড়লে লেনদেন আরো বেড়ে যাবে।”
রোববার লেনদেনের শুরুতে ডিএসই সাধারণ আগের দিনের চেয়ে কমে যায়। তবে ১০ মিনিট পরেই ক্রমান্নয়ে সূচক বাড়তে থাকে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে একজন বিনিয়োগকারী বলেন, “গত কয়েকদিনের ওঠানামায় বিনিয়োগকারীদের আস্থা প্রায় শুন্যের কোঠায় চলে এসেছে। তাই গত মঙ্গলবার কিছুটা কম দামে যাদের শেয়ার কেনা ছিল, তারা শুরুতেই বিক্রি করতে শুরু করেন।”
“কিন্তু ক্রেতা থাকায় বাজার উঠে পড়ে,” যোগ করেন তিনি।
রোববার হাতবদল হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২৪৯টির, কমেছে ১০টির ও বদলায়নি ১টির।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক ২০১ পয়েন্ট বেড়ে চার হাজার পয়েন্টের ওপর ওঠে।
প্রায় এক মাসে ৩০ শতাংশের বেশি সূচক পতনের পর ব্যাংকে আমানতে সুদের হার কমানোর খবর এবং অস্বাভাবিক লেনদেনের বিরুদ্ধে নিয়ন্ত্রক সংস্থার তদন্তে নামার পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে ঢাকার পুঁজিবাজারে সূচক বাড়ে। গত সপ্তাহে (৬ ফেব্র“য়ারি থেকে ৯ ফেব্র“য়ারি) ডিএসই সাধারণ সূচকে যোগ হয় ১৬৫ পয়েন্ট।
ঢাকা স্টক এক্সচেঞ্জে এর আগের সপ্তাহে (২৯ জানুয়ারি থেকে ২ ফেব্র“য়ারি) সাধারণ সূচক ৬৪১ পয়েন্ট বা ১৪ দশমিক ২৯ শতাংশ কমে। এরও আগের সপ্তাহে (২২ থেকে ২৬ জানুয়ারি) সাধারণ সূচক ৪৫৯ পয়েন্ট বা ৯ দশমিক ২৯ শতাংশ কমে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এফএফএস/এসইউ
bdnews24