২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক মাসে সূচক কমেছে ৩০ শতাংশ

বাজার স্থিতিশীল করার নানান উদ্যোগ বিফলে গিয়ে দেশের দুই পুঁজিবাজারে দরপতন অব্যাহত রয়েছে। এর ফলে গত এক মাসেই নিঃস্ব হয়ে গেছেন বহু বিনিয়োগকারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 05:07 AM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজার স্থিতিশীল করার নানান উদ্যোগ বিফলে গিয়ে দেশের দুই পুঁজিবাজারে দরপতন অব্যাহত রয়েছে। এর ফলে গত এক মাসেই নিঃস্ব হয়ে গেছেন বহু বিনিয়োগকারী। ২০১০ সালের ডিসেম্বর থেকে পুঁজিবাজারে অস্থিরতা শুরু হওয়ার পর গত কয়েক সপ্তাহে সবচেয়ে দ্রুতগতিতে দরপতন হচ্ছে। এক বছর দুই মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক কমেছে ৫ হাজার ৩০২ পয়েন্ট বা ৫৯ শতাংশ। আর ৮ জানুয়ারি থেকে ৭ ফেব্র“য়ারি পর্যন্ত এক মাসে ডিএসই সাধারণ সূচক কমেছে ১ হাজার ৬৩৭ পয়েন্ট বা ৩১ শতাংশ। সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ২২৯ পয়েন্ট কমে হয়েছে ৩ হাজার ৬১৬ পয়েন্ট, যা গত ২০১০ সালে দরপতন শুরু হওয়ার পর সবচেয়ে কম। একটি মার্চেন্ট ব্যাংকে মার্জিন ঋণ নিয়ে শেয়ার কেনা একজন বিনিয়োগকারী বলছেন, “গত তিন জানুয়ারি আমি এক অনুপাত এক মার্জিন ঋণ নিয়ে শেয়ার কিনেছিলাম। কিন্তু এই একমাসের মধ্যেই আমার পুঁজি প্রায় শেষের পথে।” মার্জিন ঋণ নিয়ে বিনিয়োগ করা আরো কয়েকজন বিনিয়োগকারীর সঙ্গে কথা বলে প্রায় একই রকম কথা শোনা গেল। কারণ গত এক মাসের ব্যবধানে অনেক কোম্পানির শেয়ারের দর অর্ধেকে নেমে এসেছে। এর মধ্যে মৌল ভিত্তিসম্পন্ন কোম্পানির শেয়ারও রয়েছে। মাসুদুর রহমান নামে একজন বিনিয়োগকারী ক্ষোভের কথা জানাতে গিয়ে বললেন, “বাজারের টানা দরপতনের ফলে বিনিয়োগকারীরা নিঃস্ব হয়ে যাচ্ছে। অথচ সরকার বা নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে কোনো ধরণের উদ্যোগ নেওয়া হচ্ছে না। আবার পুলিশ দিয়ে এর প্রতিবাদও করতে দেওয়া হচ্ছে না।” বাজারের অব্যাহত এ দরপতনের কারণ জানতে চাইলে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মির্জ্জা এবি আজিজুল ইসলাম বলেন, “এর কারণ খুব সহজ। চাহিদা না থাকলে দর কমবেই।” তবে বাজারে স্থিতিশীলতা ফেরাতে অবিলম্বে তিনটি পদক্ষেপ নেওয়ার জন্য নিয়ন্ত্রক সংস্থা ও সরকারের পরামর্শ দিয়েছেন তিনি। মির্জ্জা আজিজ বলেন, “প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিশেষ করে ব্যাংক, ইন্সুরেন্স ও মার্চেন্ট ব্যাংকগুলোকে পুঁজিবাজারে বিনিয়োগে উৎসাহ দিতে হবে এবং প্রয়োজনে তাদের বাধ্য করতে হবে। মার্চেন্ট ব্যাংকগুলোর ফোর্স সেল বন্ধ করতে হবে। এছাড়া সরকার একটি ফান্ড গঠন করতে পারে যেখান থেকে মার্চেন্ট ব্যাংকগুলোকে ঋণের মাধ্যমে অর্থ সরবরাহ করা হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১০২৯ ঘ.