২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুটি প্রতিষ্ঠানের শেয়ার ছাড়ার অনুমতি

দুটি প্রতিষ্ঠানের আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-এসইসি। এছাড়া তিনটি প্রতিষ্ঠানের আইপিও ছাড়ার তারিখ পুনর্র্নিধারণ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 04:41 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুটি প্রতিষ্ঠানের আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-এসইসি। এছাড়া তিনটি প্রতিষ্ঠানের আইপিও ছাড়ার তারিখ পুনর্র্নিধারণ করা হয়েছে। বুধবার এসইসির নিয়মিত সভায় এই সিদ্ধান্ত হয় বলে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আইপিও ছাড়ার অনুমোদন দেয়া প্রতিষ্ঠান দুটি হচ্ছে- গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড ও বেঙ্গল উইনডসর থার্মোপ্লাস্টিক লিমিটেড। গোল্ডেন হারভেস্ট তিন কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ৭৫ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার ১৫ টাকা প্রিমিয়ামসহ ২৫ টাকায় ইস্যুর অনুমোদন পেয়েছে। বেঙ্গল উইনডসর ১ কোটি ৬০ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে ৪০ কোটি টাকা তুলবে। এ প্রতিষ্ঠানটিরও ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ার ১৫ টাকা প্রিমিয়ামসহ ২৫ টাকায় ইস্যুর অনুমোদন দেয়া হয়েছে। তিন প্রতিষ্ঠানের শেয়ার ছাড়ার তারিখ পুনর্র্নিধারণ এনভয় টেক্সটাইল মিলস লিমিটেড, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি ও অর্গান ডেনিমস লিমিটেড- এই তিন প্রতিষ্ঠানের আইপিও ছাড়ার তারিখ পুনর্র্নিধারন করেছে এসইসি। এর আগে এই প্রতিষ্ঠান তিনটির আবেদনে কমিশন প্রাথমিক গণপ্রস্তাবের চাঁদা গ্রহণের তারিখ স্থগিত করেছিল। এনভয় টেক্সটাইল মিলস লিমিটেড ৩ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ৯০ কোটি টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ার ২০ টাকা প্রিমিয়ামসহ ৩০ টাকায় ইস্যুর অনুমোদন পেয়েছে। এর চাঁদা গ্রহণের তারিখ ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত। পুঁজিবাজারের সার্বিক অবস্থা বিবেচনায় রেখে সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানির প্রিমিয়াম পাঁচ টাকা কমানোর প্রস্তাব অনুমোদন হয়েছে বলে এসইসি জানায়। এখন এর প্রিমিয়াম হবে ৩০ টাকা। অভিহিত মূল্য ১০ টাকা। অর্থ্যাৎ প্রতিটি শেয়ারের জন্য ৪০ টাকা জমা দিতে হবে। ১১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত এর আবেদনপত্র গ্রহণ করা হবে। আর্গন ডেনিমস লিমিটেডের প্রিমিয়ামও কমানো হয়েছে। এখন প্রতিটি শেয়ারের জন্য ৩৫ টাকা (অভিহিত মূল্য ১০ টাকা ও প্রিমিয়াম ২৫ টাকা) জমা দিতে হবে। আগে ৪৪ টাকা (প্রিমিয়াম ৩৪ টাকা) জমা দিতে বলা হয়েছিল। ১৮ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত এর আবেদন সংগ্রহ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এমআই/২২৩৫ ঘ.