২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসইসির ক্ষমতা বাড়ছে, আসছে গোপনীয়তার শর্ত

অনিয়ম ও কারসাজি প্রতিরোধ করে শেয়ারবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থার ‘প্রশাসনিক ও পরিচালন’ সংক্রান্ত বিধিবিধানে সংস্কার আনার তিনটি প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2012, 07:57 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনিয়ম ও কারসাজি প্রতিরোধ করে শেয়ারবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থার ‘প্রশাসনিক ও পরিচালন’ সংক্রান্ত বিধিবিধানে সংস্কার আনার তিনটি প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান ও কমিশনাররা কোনো গোপন তথ্য প্রকাশ করে দিলে জেল-জরিমানারও বিধান করা হচ্ছে। তিনটি আইনের মধ্যে ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন-২০১২’ ও ‘দি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (সংশোধন) আইন-২০১২’ মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এছাড়া স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদকে প্রশাসনিক কাঠামো থেকে আলাদা করার জন্য ‘দি এক্সচেঞ্জেস (ডিমিউচুয়ালাইজেশন) অ্যাক্ট-২০১২’ এ নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বিস্তারিত জানান। তিনি বলেন, এসব প্রস্তাব সংসদে পাস হলে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নতুন নাম হবে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন বাংলাদেশ। ১৯৯৩ সালের সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন আইন সংশোধন হলে কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের মেয়াদ তিন বছর থেকে বেড়ে হবে চার বছর। পুঁজিবাজার সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ আদালত (ট্রাইব্যুনাল) গঠন করা যাবে। নতুন আইনে কমিশনকে প্রয়োজনে যে কোনো ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ সংবিধিবদ্ধ সংস্থা থেকে তথ্য চাওয়া এবং অন্য কোনো দেশের সংস্থার সঙ্গে এ বিষয়ে চুক্তি করার এখতিয়ার দেওয়া হয়েছে। আইন সংশোধন হলে কমিশন প্রয়োজনে উপদেষ্টা বা পরামর্শক এবং অনুমোদিত জনবল নিয়োগ দিতে পারবে। কমিশনের ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি এসইসি সংক্রান্ত বিষয়ে দায়িত্বরত ও সাবেক চেয়ারম্যান ও কমিশনারদের গোপনীয়তা রক্ষার ব্যাপারে বিধিবিধানও আরোপ করা হচ্ছে সংশোধিত আইনে। তারা কমিশনের গোপন তথ্য প্রকাশ করে দিলে সর্বোচ্চ ৫ বছরের কারাদ- ও ৫ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে প্রস্তাবিত আইনে। ডিমিউচুয়ালাইজেশন আইনের খসড়ায় বলা হয়েছে, এ আইনের মাধ্যমে মালিপক্ষ থেকে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আলাদা করা হবে। স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সংখ্যাগরিষ্ঠ সদস্য স্বতন্ত্র পরিচালকদের মধ্য থেকে মনোনীত হতে হবে। মালিক পরিচালকদের মাত্র ৪০ শতাংশ ব্যবস্থাপনা পর্যায়ে থাকতে পারবেন। গত বছর শেয়ার বাজারে ব্যাপক উত্থান-পতনের পর সরকারের পক্ষ থেকে স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশনের উদ্যোগ নেয়া হয়। পুঁজিবাজারে কারসাজির অভিযোগ তদন্তে গঠিত কমিটিও স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আলাদা করার সুপারিশ করে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এটি একটি যুগান্তকারী আইন। এসইসির দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ আইনটি প্রণয়ন করা হয়েছে। ভারত, পাকিস্তান ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে এ ধরনের আইন আছে।” আইনটি আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্তভাবে সংসদে পাস হওয়ার সম্ভাবনা রয়েছে জানিয়ে সচিব বলেন, “ডিসেম্বরের মধ্যে পাস হলে আইনটি ওই মাস থেকেই কার্যকর হবে। এর তিন মাসের মধ্যে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ আইনটি বাস্তবায়নের জন্য প্রস্তাব পাঠাবে। পাঁচ বছর ধরে পর্যায়ক্রমে আইনটি বাস্তবায়ন হবে।” এ তিনটি আইন ছাড়াও মন্ত্রিসভার বৈঠকে যোগাযোগ মন্ত্রণালয়ের ‘সড়ক তহবিল বোর্ড আইন, ২০১২’ এবং বিদ্যুৎ বিভাগের ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) আইন, ২০১২’ অনুমোদন দেওয়া হয়। সচিব জানান, সংশোধনের মাধ্যমে ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি’ আইনের মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছে। ফলে ২০১৪ সালের ১১ অক্টোবর পর্যন্ত এ আইন কার্যকর থাকবে। মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পাওয়ায় এবং সংসদ চলমান না থাকায় এটি অধ্যাদেশ আকারে জারি করা হবে। পরবর্তীতে সংসদ অধিবেশনে তা আইন আকারে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সড়ক তহবিল বোর্ড আইন সচিব বলেন, দেশের প্রায় তিন লাখ কিলোমিটার সড়কের উন্নয়ন ও সংরক্ষণে ‘সড়ক তহবিল বোর্ড’ আইনে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে চূড়ান্ত অনুমোদনের জন্য এটি আবারো মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। তারপর পাসের জন্য পাঠানো হবে জাতীয় সংসদে। মন্ত্রিপরিষদ সচিব জানান, সড়ক ট্যাক্স, যানবাহনের নিবন্ধন ফি ও রুট পারমিটের ফিসহ ২১টি উৎস থেকে এ তহবিলে টাকা আসবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৭৩২ ঘ.