ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের প্রথম দুই দিন সূচক কমার পর মঙ্গলবার দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে সূচকে যোগ হয়েছে প্রায় ৮২ পয়েন্ট।
মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর পরই ডিএসই সাধারণ সূচক বাড়তে থাকে। দিন শেষে ডিএসইর সাধারণ সূচক পৌঁছায় ৪ হাজার ৫৭৮ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে প্রায় ১ দশমিক ৮১ শতাংশ বা ৮২ পয়েন্ট বেশি।
হাতবদল হয় প্রায় ৬২৮ কোটি টাকার শেয়ার। এর মধ্যে দাম বাড়ে ২৪৪টি শেয়ারের, কমে ২৬টির ও অপরিবর্তিত ছিল ৬টির দাম।
সোমবার ডিএসই সাধারণ সূচক প্রায় এক শতাংশ বা ৪৫ পয়েন্ট কমে ৪ হাজার ৪৯৭ পয়েন্টে দাঁড়ায়। হাতবদল হয় প্রায় ৫২৬ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক কমে ১০৩ পয়েন্ট বা ২ দশমিক ২৩ শতাংশ। হাতবদল হয় প্রায় ৫২৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক কমে ৩৬ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ৮৫১ কোটি টাকা।
এর আগের সপ্তাহে সাধারণ সূচকে যোগ হয় ৩ পয়েন্ট। গড় লেনদেন ছিল ১ হাজার ৭১ কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪৪৩ ঘ.
bdnews24